২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাচ্চু রাজাকারের জন্য ফাঁসিকাষ্ঠই চূড়ান্ত’

বুধবারের মধ্যে আপিল করতে না পারলে ফাঁসির কাষ্ঠই চূড়ান্ত হয়ে যাবে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের জন্য, যিনি বাচ্চু রাজাকার হিসেবে একাত্তরে পরিচিত ছিলেন।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 04:52 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

আবুল কালামের অনুপস্থিতিতেই গত ২১ জানুয়ারি তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয় বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের এটিই ছিল প্রথম রায়।

এরপর আর একটি রায় হয়েছে, তাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, যা প্রত্যাখ্যান করে আন্দোলন চলছে দেশজুড়ে।

আবুল কালামের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটিতে অপরাধ প্রমাণিত হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় দণ্ড বা খালাসের বিরুদ্ধে আপিলের সুযোগ কাজে লাগাতে সময় রয়েছে এক মাস।

তবে পলাতক থাকায় সেই সুযোগ হারাচ্ছেন আবুল কালাম। বিচার চলাকালে পুরো সময়জুড়েই তিনি পলাতকই ছিলেন।

পলাতক থাকায় তিনি বা তার পরিবার আইনজীবী নিয়োগ করতে পারেনি। পরে বিচার কাজ চালাতে তার পক্ষে আদালত নিয়োগ দেন আইনজীবী আব্দুস শুকুর খানকে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আবুল কালাম আযাদের পরিবারের কোনো ধরনের সহায়তা ছাড়াই মামলার কার্যক্রম পরিচালনা করেছি।

“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দেয়া আপিলের সুযোগের সর্বশেষ দিন আগামীকাল(বুধবার)। তিনি যেহেতু এই সময়ের মধ্যে আত্মসমর্পণ করেননি বা গ্রেপ্তারও হননি। তাই অনেকটা নিশ্চিতভাবেই বলা চলে তিনি আপিলের সুযোগ পাচ্ছেন না।”

শুকুর খান বলেন, আইন অনুসারে আবুল কালাম পরবর্তীতে গ্রেপ্তার হলেও আপিলের সুযোগ পাবেন না।

“তাকে ফাঁসির দড়িই পরতে হবে। তবে এরপরও উচ্চ আদালতে কোনো প্রার্থনা জানাতে পারেন। আদালত চাইলে সেটা বিবেচনা করে দেখলেও দেখতে পারে।”

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সমন্বয়ক এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনালের আইনে আপিলের ক্ষেত্রে বিলম্ব মার্জনার কোনো সুযোগ নেই।

“তাই আপিলের ৩০ দিন সময় অতিবাহিত হয়ে গেলে কোনো অভিযুক্ত আর কোনোভাবে আপিলের সুযোগ পেতে পারেন না। এই সময় অতিক্রম হওয়ার পর আবুল কালাম আযাদ ধরা পড়লে তার গন্তব্য হবে ফাঁসির কাষ্ঠ।”

তিনি জানান, সাধারণ বিচারে ‘লিমিটেশন আইন’র ৫ ধারা অনুসারে আসামিরা বিলম্ব মার্জনার আবেদন করতে পারেন। কিন্তু এই আইনটি মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রযোজ্য নয়।

আবুল কালামের পরিবারের অসহযোগিতার কথা তুলে ধরে শুকুর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত কর্তৃক এই মামলার দায়িত্ব পাওয়ার পর আমি তার বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলি। কিন্তু তারা আমার সঙ্গে খুবই অসৌজন্যমূলক আচরণ করেন।”

“সেদিন আমার হালকা জ্বর ছিলো। এর মাঝেই আদালতের নির্দেশে আমি আবুল কালাম আযাদের বাড়িতে যাই। প্রথমে তার ছেলে মেয়েরা গেটই খুলতে চায়নি।”

“পরিচয় দেয়ার পর এক পর্যায়ে গেট খুললেও আমাকে বসতেও বলেনি। আমি অসুস্থতার জন্য বসতে চাইলে নিচতলার হলরুমে কার্পেটের ওপর আমাকে বসায়।”

“যাইহোক, এর মধ্যেই আমি মামলা নিয়ে আলোচনা করি। তারা মামলায় কোনো ধরনের সহায়তা দিতে অস্বীকার করে।”

আবুল কালাম কোথায়- জানতে চাইলে আইনজীবী বলেন, “তাদের বাবা কেন পালালেন সেটা আমি জিজ্ঞেস করেছিলাম, জবাবে তার সন্তানেরা জানায়, আমার বাবা এক সময় জামায়াত করতেন।

“তিনি জামায়াতকে বলেছিলেন, এই মামলার দায়িত্ব নেয়ার জন্য। জামায়াত তাতে অস্বীকৃতি জানালে তিনি পালানোর সিদ্ধান্ত নেন।”

আবুল কালাম পালানোর পর আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তিনি ভারত সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তান রওনা হয়েছেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত বছর ২ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যাতে লুট, ধর্ষণ, হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

আযাদ পলাতক থাকায় এবং বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় গত ৭ অক্টোবর ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালিয়ে নেয়ার নির্দেশ দেয়।

এরপর ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আযাদের বিরুদ্ধে ৬ ধরনের ৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। এর মধ্যে সাতটিতে আযাদকে দোষী সাব্যস্ত করা হয় রায়ে।

রায়ে বলা হয়, ১৯৪৭ সালের ৫ মার্চ ফরিদপুরের বড়খাড়দিয়া গ্রামে জন্মগ্রহণকারী আবুল কালাম আযাদ রাজেন্দ্র কলেজে লেখাপড়া করেন। তিনি জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদেরও বিচার চলছে। 

আদালত বলে, একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠনের আগ পর্যন্ত আযাদ পাকিস্তানি সেনাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন।

১৯৭১ সালের ২১ এপ্রিল তিনি ‘স্বাধীনতাবিরোধী শক্তিগুলোর সঙ্গে একত্র হয়ে’ ফরিদপুরে পাকিস্তানি সেনাদের ‘অভ্যর্থনা’ জানান। আযাদ স্থানীয় রাজাকার বাহিনীর দায়িত্বে ছিলেন এবং আলবদর বাহিনীরও প্রধান ছিলেন।

পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতার পক্ষের বাঙালি জনগোষ্ঠীর ওপর নৃশংস নির্যাতন চালান।

পুরনো খবর:

‘বাচ্চু রাজাকার কোথায়’
আযাদের যতো যুদ্ধাপরাধ