২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ পুলিশ নিহত

নরসিংদী সদরে মঙ্গলবার কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হন পুলিশের এক সার্জেন্টসহ ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নরসিংদী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে এ দুর্ঘটনায়

নিহতরা হলেন ট্রাফিক পুলিশের হাবিলদার মিনহাজ (৪০) ও কনস্টেবল মো. ফরিদ উদ্দিন (৩৫)।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ট্রাফিক সার্জেণ্ট আব্দুর রব সরকার, হাবিলদার মিনহাজ ও কনস্টেবল ফরিদ ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে একটি পিকআপ ও একটি মাইক্রোবাসের কাগজপত্র দেখছিলেন।

এ সময় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান পিকআপ ও মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি দুমড়েমুচড়ে যায়।

হাবিলদার মিনহাজ ঘটনাস্থলেই নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে রাত ৮টা ২৫ মিনিটে মারা যান ফরিদ।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাফিক সার্জেণ্ট আব্দুর রব সরকারকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতরা হলেন পিকআপ চালক ফয়সাল (৩০), মাইক্রোচালক হারুণ অর রশীদ (২৬), পথচারী মোতালিব (৩৫), জায়েদুল ইসলাম (৩০), মিণ্টু মিয়া (৪২), রাজিব (২৫), জাহাঙ্গীর (২৭), আব্দুল আজিজ (২৭), এলিম (২২), নয়ন চন্দ্র দে (২৮), রবিন (২৫), সবুজ (২২), দ্বীন ইসলাম (২৫) ও কনক (২২)।

এদের নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান আরো বলেন, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনা কবলিত পিকআপ ও মাইক্রোবাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাভার্ড ভ্যানটি ভেলানগর ব্রিজ থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।