২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন আনন্দের সময় নয়’

শিক্ষা সমাপনীতে উৎসবের রেওয়াজ থাকলেও এবার তা করলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

আশিক হোসেন

ও সুজন মণ্ডল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

‘র‌্যাগ ডে’ বাদ দিয়ে মঙ্গলবার তারা শামিল হয়েছিলেন শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনে, উৎসবের বদলে স্লোগান তুলেছেন- যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে হবে।

বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের সমাপনী উৎসবের কথা ছিল, তাদের একজন লিটন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেখানে সারা দেশের মানুষ এ আন্দোলনের সাখে একাত্ম হয়েছেন, সেখানে এ মুহূর্তে কোনো আনন্দ-উৎসব আমরা করতে চাই না।

“তাই আমরাও যোগ দিয়েছি এ আন্দোলনের সঙ্গে, একাত্ম হয়েছি।”

যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে অবস্থান চলছে শাহবাগে।

এই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে সারাদেশে কর্মসূচি চলছে, যাকে বলা হচ্ছে গণজাগরণ।

লিটন বলেন, “আমাদের আত্মপরিচয়ের যে জায়গা মুক্তিযুদ্ধের চেতনা, তা অনেকটাই হারিয়ে যেতে বসেছিল, সে হারানো চেতনাকে ফিরিয়ে আনতেই আমরা এখানে এসেছি।”

প্রায় ৩৫ জন শিক্ষার্থী একাত্মতা জানাতে শাহবাগে আসেন বলে জানান তিনি।

‘স্বাস্থ্যমন্ত্রী স্লোগানে’

দুপুরে গণজাগরণ মঞ্চে আসেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

নিহত ব্লগার গণজাগরণ মঞ্চের কর্মী রাজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।এ সময় তিনি স্লোগান ধরেন, ‘এক রাজীব লোকান্তরে/লক্ষ রাজীব ঘরে ঘরে’।

সংহতি জানিয়ে বক্তব্যে রুহুল হক বলেন, “নতুন প্রজন্ম নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছে। এখানে এসে আমি গর্বিত।”

দেশে না থাকায় এতদিন আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

‘বাবার পক্ষে আসা’

সকাল থেকে সংহতি জানিয়ে স্লোগানে কণ্ঠ মিলিয়েছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

কুমিটোলার বিএএফ শাহীন কলেজ থেকে আসে একদল শিক্ষার্থী। এদের অনেকেই জানিয়েছেন, তারা কয়েকদিন ধরেই আসছেন।

শিক্ষার্থী আমান আজমীর বলেন, “আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই আমি নিজে এবং আমার বাবার হয়ে প্রতিদিনই এখানে আসার চেষ্টা করি।”

Image
আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শনিবার রাতে শাহবাগ মোড়ে জনতার বিক্ষোভ।

আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শনিবার রাতে শাহবাগ মোড়ে জনতার বিক্ষোভ।

“বাবা প্রতিদিনই তার মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প বলতেন। তারও এখানে আসার থুব ইচ্ছা ছিল, কিন্তু শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আসতে পারেন না।”

বাবার মতো তিনিও ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধে’ অংশ নিতে চান।

নজরুল শিক্ষালয়ের দশম শ্রেণির ছাত্র নাইম আহমেদ বলেন, “স্কুল থেকে ছুটি নিয়ে এখানে এসেছি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে।”

নাইম তার ১৬ জন বন্ধুকেও নিয়ে এসেছেন।

এছাড়াও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, নজরুল শিক্ষালয়, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, তেজগাঁও সরকারি কলেজ, লালবাগ মডেল স্কুল ও কলেজ থেকেও অনেকে এসেছেন।