হল-মার্কের জেসমিন কারাগারে
হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম আত্মসমর্পণ করার পর জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জেসমিন ইসলাম
অর্থ জালিয়াতির এই ১১ মামলায় এর আগে জেসমিনকে জামিন দেয়া হলেও মহানগর দায়রা জজ মো. জহুরুল হক গত ১৭ ফেব্রুয়ারি তা খারিজ করে দেন।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর জেসমিন, তার স্বামী হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে।
এরপর গত বছরের ৭ নভেম্বর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব। তার আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর ও ভাই হল-মার্কের মহা ব্যবস্থাপক তুষার আহমেদ।
দুদক কর্মকর্তারা জেসমিনকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।
সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের অঙ্গীকারের শর্তে গত ৭ ফেব্রুয়ারি ওই ১১ মামলায় তাকে জামিন দেয় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
কিন্তু জামিনের এই আদেশ দেয়ায় বিচারক মো. জহুরুল হককে তলব করে হাইকোর্ট। এই প্রেক্ষাপটে ১৭ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতেই আবার জেসমিনের জামিন বাতিল করা হয়।
জজ আদালতের নির্দেশে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আবারো জামিনের আবেদন করেন হল-মার্ক চেয়ারম্যান।
জামিন আবেদনে হল-মার্ক চেয়ারম্যানের আইনজীবী মোহাম্মদ আলী বলেন, জেসমিন ইসলাম অসুস্থ্য। তাছাড়া তার ছেলের এসএসসি পরীক্ষা চলছে।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিন আবেদনের বিরোধিতা করেন।
শুনানি শেষে বিচারক জয়নাব বেগম জামিন না দিয়ে জেসমিনকে কারাগারে পাঠাতে বলেন।
