হার্ভার্ড ও কুয়ালালামপুরেও যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি
একাত্তরের যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলমান গণআন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও মালয়শিয়ায় নটিহ্যাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বিক্ষোভ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুয়ালালামপুর প্রতিনিধি জানান, যুক্তরাজ্যভিত্তিক নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের মালয়শিয়া ক্যাম্পাসে স্থানীয় সময় সোমবার বিকালে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে এ বিক্ষোভ হয়। বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি সোসাইটির পক্ষ থেকে এ কর্মসূচির উদ্যোগ নেয় হয়।
রাজধানী কুয়ালালামপুর থেকে আধা ঘণ্টার দূরত্বে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকাল ৪টা থেকে তিন মিনিট নীরবতা পালন করা হয় একাত্তরের শহীদদের স্মরণে।
এরপর শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান ওঠে ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই/ জামায়াতে ইসলামীর রাজনীতি আর নয়’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউ ইয়র্ক প্রতিনিধি জানান, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বাংলাদেশ সময় সোমবার সকালে বস্টনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন হয়। হার্ভার্ডসহ বস্টনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছাড়াও সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা মানবন্ধনে সমবেত হন।
তীব্র শীত উপেক্ষা করে ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে শাহবাগের গণজাগরণ মঞ্চের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন তারা।
সমাবেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। সমাবেশে অন্যদের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির বস্টন শাখার সভাপতি অধ্যাপক আহমেদ হাসান, সাধারণ সম্পাদক উজ্জল বড়ুয়া, প্রধান উপদেষ্টা নাহিদ নজরুল, মুক্তিযোদ্ধা সংসদের নিউ ইংল্যান্ড শাখার সদস্য মুস্তাফিজুর রহমান, রাতুল বড়ুয়া, আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
