২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আ. লীগ কার্যালয়ে জামায়াতের হামলা-গুলি

রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগের একটি কার্যালয়ে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

এরপর আওয়ামী লীগকর্মীরা শিবিরের তিনটি ছাত্রাবাসে হামলা করে এবং শিবিরকর্মীরা পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ করে।

সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে আওয়ামী লীগের ৩০ নম্বর ওয়ার্ড কার্যালয়ে হামলা হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ (৪৫), কর্মী রাতুল (২৫) ও ফাইজার (২০)।

মতিহার থানার ওসি আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবির ঝটিকা হামলা চালায়, যা ১০/১৫ মিনিট স্থায়ী ছিল।

পরে পুলিশ ও স্থানীয়দের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়, বলেন তিনি।

ওসি আরো বলেন, হামলাকারীরা কার্যালয়ের বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী ছবি এবং আসবাবপত্র ভাংচুর করে। আগুন দেয় দুটি মোটর সাইকেলে।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এবং আটক শীর্ষনেতাদের ফাঁসির দাবিতে আন্দোলনরত জামায়াত সোমবার সারাদেশে হরতাল ডেকেছিল।

ওই হরতাল শেষ হওয়ার পরপরই এই হামলা হয়।আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, রাত সোয়া ৮টার দিকে আওয়ামী লীগকর্মীরা বিনোদপুরে শিবির পরিচালিত তিনটি ছাত্রাবাসে হামলা চালায়। এরমধ্যে একটির নাম হচ্ছে ওয়েলফেয়ার।

পরে শিবিরের সমর্থকরা বিনোদপুর মোড়ে একটি পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ করে শিবিরকর্মীরা। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।