লক্ষ্মীপুরে জামায়াত-যুবলীগ সংঘর্ষ, আহত ৩০
হরতাল চলাকালে সোমবার জেলা শহরে জামায়াত-শিবিরের সঙ্গে যুবলীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
পুলিশ জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
আহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম (৩০), নির্বাহী সদস্য ফখরুল ইসলাম মিঠু (৩৩) ও জশিম উদ্দিন (২৯)।বাকিদের নাম জানা যায়নি।
আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, লক্ষ্মীপুর সদর হাসপাতাল, কমলনগর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় রামগতি থেকে বাসে আসা কয়েকজন যুবলীগ নেতাকর্মীর উপর শিবির সমর্থকরা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।
এ সময় জামায়াত-শিবির কর্মীরা ওই বাসটি ও একটি পিকআপ ভ্যান ভাংচুর করে।
গ্রেপ্তার তিন শিবিরকর্মী হলেন ফখরুল ইসলাম (২২), সিরাজুল হক (৫২) ও হাফেজ মুনির হোসেন (২৫)।
