রংপুরে ইসলামী ব্যাংক হাসপাতাল ও রেটিনায় ভাঙচুর
রংপুর শহরে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং রেটিনা কোচিং সেন্টারে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার পর হাসপাতাল ছেড়ে চলে গেছে রোগীরা।
হরতাল চলাকালে বেলা সাড়ে ৩টার দিকে এ হামলা হয়। হাসপাতাল থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন আব্দুল্লাহ হেল কাফি, হাসপাতালের ব্যবস্থাপক সামসুল হুদা ও এক ওয়ার্ডবয়।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার বি এম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নগরীর হাজীরহাটে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে আহত দুই শিবিরকর্মী ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। পুলিশ তাদের গ্রেপ্তার করতে গেলে এলাকার মানুষ খবর পায়।
এরপর এলাকার শত শত মানুষ হামলা চালিয়ে হাসপাতালের দরজা, জানালা, কনসালটেশন সেন্টার, প্যাথলজিক্যাল সেন্টারে ব্যাপক ভাঙচুর করে। এছাড়া হাসপাতাল এলাকায় অবস্থিত রেটিনা কোচিং সেন্টারেও ভাঙচুর করে।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বলেন তিনি।
