নিউইয়র্কে ব্লগারদের আয়োজনে মানববন্ধন
একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে যুক্তরাষ্ট্রে আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।
রোববার সকালে নিউ ইয়র্ক সিটির ডাইভার্সিটি প্লাজায় স্থানীয় ব্লগারদের উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের অংশ নিয়ে শাহবাগের গণজাগরণের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এতে আরো অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। তারা শাহবাগ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সোচ্চার থাকবেন বলে প্রতিজ্ঞা করেন।
নিউইয়র্কে প্রচণ্ড হিমেল হাওয়ার এর মধ্যেই বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় নারী-পুরুষ আর শিশু-কিশোরদের এ কর্মসূচিতে আগ্রহ দেখান ভিনদেশিরাও।
মানববন্ধনের সংগঠকদের অন্যতম সহযোগী যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী মার্কিনিদের কাছে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের অপকর্মের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
মানববন্ধনে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে এবং ব্লগার রাজীব হত্যার বিচার চেয়ে স্লোগান দেয়া হয়।
মানববন্ধনে প্রবাসের কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, রাজনীতিক, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক ও পেশাজীবীরা অংশ নেন।
প্রজন্ম একাত্তরের যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র যুবলীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, ম্যানহাটান বরো আওয়ামী লীগ, কুইন্স বরো আওয়ামী লীগ, ব্রুকলীন বরো আওয়ামী লীগ, চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট আওয়ামী লীগ, যুব নাগরিক কমিটি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রভৃতি সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। তাদের অনেকের হাতেই ছিল পোস্টার ও প্ল্যাকার্ড। মাথায় ছিল ‘রাজাকারের ফাঁসি চাই’ লেখা ব্যাজ।
শাহবাগে গণজাগরণের সমর্থনে গত ১৩ দিন থেকেই নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে। তবে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে খুনের পর এসব কর্মসূচিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।
