বিজয়নগরে হাতবোমা বিস্ফোরণ, আহত ১
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে হাতবোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার পাশে হাতবোমা ফাটানো হয়। এতে ওই অটোরিকশাচালক সামান্য আহত হন।
বিস্ফোরণের পরপরই পুলিশ সেখানে গেলে কাছে দাঁড়িয়ে থাকা এক লোককে দেখিয়ে চালক পুলিশকে জানান, সেই হাতবোমা ছুড়েছে।
এরপর ইলিয়াস (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি মাদারীপুরের কালকিনিতে।
আহত অটোরিকশা চালকের পরিচয় পুলিশ জানাতে পারেনি।
