জনতার ধাওয়ায় রক্ষা পেল সংসদের গাড়ি
রাজধানীর কাঁটাবন মোড়ে সংসদ সচিবালয়ের একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা প্রতিহত করে দিয়েছে জনতা। ধাওয়া খেয়ে হরতাল সমর্থকরা পালিয়ে যায়।
উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িটি সংসদ সচিবালয়ের গাড়ি। তবে গাড়িটি কার নামে বরাদ্দ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, “কয়েক যুবক গাড়িটিতে আগুন দেয়ার চেষ্টা করছিল। কিন্তু জনতার ধাওয়ায় তারা পালিয়ে যায়।”
গাড়িটি কার ছিল- জানতে চাওয়া হলে বলেন, “এটি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলের বলে আমরা জানতে পেরেছি, তবে তিনি তখন গাড়িতে ছিলেন না।”
আটক শীর্ষ নেতাদের মুক্তি এবং ট্রাইব্যুনাল বাতিদের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী। তবে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটির কর্মসূচি প্রত্যাখ্যান করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে।
তবে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটির কর্মসূচি প্রত্যাখ্যান করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে।
এদিন হরতাল আহ্বানকারীদের তেমন দেখা না গেলেও সকাল থেকেই রাজধানীর কারওয়ানবাজার, মগবাজার, মহাখালী, পল্টন, মতিঝিল, সদরঘাটসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল করে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সব মিছিল থেকে হরতাল প্রত্যাখ্যানের পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
