বেনাপোলে ২ কেজি হেরোইন আটক
যশোরের বেনাপোল থেকে দুই কেজি হেরোইন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সোমবার সাদিপুর সীমান্ত থেকে আটক এ হেরোইনের মূল্য দুই কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।
যশোর ২৬ ব্যাটলিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে সাদিপুর সীমান্তের মেহগনি তলা ঘাটে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা চার প্যাকেট হেরোইন ফেলে পালিয়ে যায়।
এ প্যাকেটগুলোতে দুই কেজি হেরোইন পাওয়া যায়।
এসব হেরোইন ভারতের বনগাঁ পেট্টাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন সুবেদার ফজলুর।
হেরোইনগুলো পরীক্ষার জন্য যশোর বিজিবি সদরদপ্তরে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
