পিকেটারদের ধাওয়ায় গাড়ি উল্টে নিহত ১
হরতাল সমর্থকদের ধাওয়ায় রাজধানীর বাড্ডায় একটি হিউম্যান হলার উল্টে এক ঠিকাদার নিহত হয়েছেন।
নিহত মো. ইকবাল (৩৫) বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক সরবারাহের ঠিকাদারি করতেন।
বাড্ডা থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ইসলামী ছাত্রশিবির কর্মীরা সকাল ৯টার দিকে বাড্ডা লিংক রোডে লাঠি নিয়ে মিছিল বের করে। তাদের ধাওয়া খেয়ে বন্ধু পরিবহনের একটি হিউম্যান হলার দ্রুত ওই এলাকা ত্যাগ করার চেষ্টার সময় উল্টে যায়।
এতে ইকবালসহ দুই আরোহী গাড়ির নিচে চাপা পরে গুরুতর আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, আহত ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সঙ্গে থাকা কাগজপত্র দেখে পুলিশ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।
ইকবালের সঙ্গে এ সময় ২৯ হাজার টাকা ছিল বলেও বাচ্চু মিয়া জানান।
বাড্ডার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত দ্বিতীয় ব্যক্তিকেও রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় জানাতে পারেননি তিনি।
