শাহবাগের আন্দোলনে ৭০ সাংসদের সংহতি
জাতীয় সংসদের অধিবেশন শেষে সংরিক্ষিত আসনের সাংসদসহ ৭০ সাংসদ শাহবাগের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে তারা শাহবাগ আসেন। তাদের সবার পরনে ছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সংবলিত স্লোগান লেখা টি-শার্ট।
সংহতি জানিয়ে প্রথম বক্তৃতা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।
তিনি বলেন, “আমার বয়স ৬৫। কিন্তু এখানে তোমাদের কাছে আসলে নিজেকে তরুণ মনে হয়।”
পূর্ত প্রতিমন্ত্রী আ. মান্নান খান আন্দোলনের সঙ্গে সংহতি জানানোর পর ফাঁসির দাবিতে স্লোগান দেন।
এমপিদের পক্ষে জুনায়েদ আহমেদ পলক সংহতি প্রকাশ করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেবী মওদুদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
