‘জামায়াতের লোকজনের বাড়িঘর কবরস্থান হবে’
সোমবার জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ, রাজাকারদের ফাঁসির দাবি ও ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে রোববার বিকালে নারায়ণগঞ্জে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বহিরাগত লোকজন শহরে তাণ্ডব চালালে শহরে জামায়াত ও শিবিরের লোকজনের বাড়িঘর কবরস্থান হয়ে যাবে।
হরতালে পুলিশের পাশাপাশি শহরে তার দলের নেতাকর্মীরা মাঠে থাকবেন বলে জানান শামীম।
বসে থেকে জামায়াতের অত্যাচার আর সহ্য না করে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান শামীম।
