কুড়িগ্রাম সীমান্তে হত্যার প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
রোববার এ কর্মসূচি চলাকালে তারা কালো ব্যাচ ধারণ এবং বিক্ষোভ মিছিলও করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের বাংলাদেশ সফরের সময় এ হত্যার ঘটনা ঘটল। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতিও দেন তিনি।
শনিবার ফুলবাড়ী উপজেলার উত্তর বিদ্যাবাগিশ ঠোস সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন ফুলবাড়ী ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মারুফ হোসেন মোকছেদুল।
ময়নাতদন্ত শেষে রাত ৯টায় বিদ্যাবাগিশ গ্রামে পারিবারিক কবরস্থানে মারুফের লাশ দাফন করা হয়।
রোববার ফুলবাড়ী ডিগ্রি কলেজে প্রথম দফা মানববন্ধন শেষে নিহতের বাড়িতে আবারো মাবনবন্ধন করেন শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য দেন ওই কলেজের শিক্ষার্থী তহিদুল ইসলাম, হাসানুরজ্জামান সুমন, শিউলী খাতুন, ছাবিনা ইয়াসমীন, নিহতের বড় ভাই মজিবর রহমান প্রমুখ।
পরে শিক্ষার্থীরা ফুলবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দেন।
ময়নাতদন্ত শেষে শনিবার রাত ৮টার দিকে লাশ ফুলবাড়ীর বিদ্যাবাগিস গ্রামের বাড়ি পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এ সময় ফুলবাড়ী থানার এসআই আতাউর রহমান, ৪৫ বিজিবি কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরীফুল আলম সোহেল, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সীমান্তের গরু চোরাচালানীদের সহযোগিতা করতে গেলে বিএসএফ মারুফকে গুলি করে। এরপর কয়েকজন সহযোগী তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।
