রূপগঞ্জে ড্রেজার ডুবে ৩ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদীতে ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার ভোলানাথপুর সীমানা সংলগ্ন রাজধানীর খিলক্ষেত থানার মস্তুল এলাকায় ডুবে যাওয়া ড্রেজার থেকে এলাকাবাসী এ তিনটি লাশ উদ্ধার করে বলে পুলিশ জানিয়েছে।
মৃতরা হলেন খিলক্ষেত থানার মস্তুল গ্রামের ইয়ারউদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম (২০), তমিজউদ্দিনের ছেলে ইয়াজুল ইসলাম (২২) এবং আবু ছাঈদ ওরফে শাহীর ছেলে আজগর আলী(১৮)। তারা সবাই ওই ট্রলারের শ্রমিক।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বলেন, শনিবার রাতে ড্রেজার নোঙ্গর করে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন এই তিন শ্রমিক। রাতের কোনো এক সময় তলা ফেটে পানি ঢুকে ডুবে যায় ড্রেজারটি। এতে ঘুমন্ত শ্রমিকরা বের হতে পারেননি।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি।
