‘তিস্তায় ভারতের উদার দৃষ্টিভঙ্গী চাই’
ভারত সরকার আরো ‘উদার’ মনোভাব নিয়ে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে জটিলতার সমাধান করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারত সরকার আরো ‘উদার’ মনোভাব নিয়ে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে জটিলতার সমাধান করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুটি প্রতিবেশী দেশের মধ্যে অনেক বিষয়ে সমস্যা থাকতেই পারে উল্লেখ করে আলোচনার মাধ্যমে তা সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
ভারত থেকে আনা আর্টিকুলেটেড বাস উদ্বোধন উপলক্ষে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির পরররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, “পাশাপাশি দেশ থাকলে সমস্যা থাকবে। তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে।”
“টিপাইমুখ নিয়ে আলোচনা চলছে। আমরা টিপাইমুখের তথ্য উপাত্ত যা দরকার তা পাচ্ছি। টিপাইমুখ নিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছিল- তা আর নেই।”
তিস্তার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “তিস্তার পানি নিয়ে আশা করি, ভারত আরো উদার দৃষ্টিভঙ্গী নিয়ে সমাধান করবে।”
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে শেষ মুহুর্তে তা বাতিল হয়ে যায়।
বাংলাদেশের সঙ্গে এ চুক্তি হলে পশ্চিমবঙ্গের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি পশ্চিমবঙ্গ সফর করেও চুক্তির জন্য মমতার সাড়া পাননি। তবে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ সম্প্রতি নয়া দিল্লি সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তারা এ বছরই তিস্তা চুক্তি স্বাক্ষরের আগ্রহের কথা জানান।
এসব বিষয়ের মতো সীমান্তে বিএসএফের হত্যা বন্ধেও বাংলাদেশ ও ভারত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের কথা চিন্তা করে স্থলসীমা চুক্তি কার্যকরে ভারতের সংসদে বিল পাস হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “ছিটমহল ও সীমানা চিহ্নিতকরণ সমস্যা চিরদিনের জন্য দূর হয়ে যাবে।”
১৯৭৪ সালে সাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি এবং ২০১১ সালে সই হওয়ায় এ সংক্রান্ত প্রটোকল ভারতের পার্লামেন্টে অনুমোদন না হওয়ায় তা এখনো কার্যকর হয়নি। ভারতীয় পার্লামেন্টের আসন্ন অধিবেশনেই এ বিল তোলা হবে বলে দেশটির সরকার জানিয়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত এই স্থলসীমা চুক্তি ‘ইন্দিরা-মুজিব চুক্তি’ নামেই পরিচিত।
“বাংলাদেশ এই চুক্তি রেটিফাই করেছে। এজন্য আমাদের সংবিধানও সংশোধন করা হয়েছে। ভারতের ক্যাবিনেটেও স্থলসীমা বিল অনুমোদন করে দিয়েছে।”
দুই দেশের মধ্যে ১০০ কোটি ডলার ঋণ চুক্তির আওতায় পদ্মা সেতুর অনুদানের টাকা পাওয়ার কথা উল্লেখ করে ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রী এই অর্থ হস্তান্তর করলেন। এটা পদ্মা সেতুর জন্য শুভ লক্ষণ।”
২০১০ সালের অগাস্টে একশ’ কোটি ডলারের ঋণচুক্তি করে ভারত ও বাংলাদেশ। এই একশ’ কোটি ডলার ঋণের মধ্যে অনুদান হিসেবে দেয়া হয় ২০ কোটি ডলার। রোববার প্রথম কিস্তিতে পাঁচ কোটি ডলারের চেক হস্তান্তর করা হয়।
অনুদানের এই ২০ কোটি ডলার পদ্মা সেতু প্রকল্পে ব্যয় করা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতোমধ্যে জানিয়েছিলেন।
ভারত থেকে আনা অর্টিকুলেটেড বাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জানান, এ ঋণ চুক্তির আওতায় ভারত থেকে ৫০টি আর্টিকুলেটেড বাস সংগ্রহ করছে বাংলাদেশ। এর মধ্যে ১০টি বাস আনা হয়েছে। বাকিগুলো অতিদ্রুত বিআরটিসির বহরে যুক্ত হবে।
“শুধু আর্টিকুলেটেড বাসই নয়, এ প্রকল্পের আওতায় আমরা ভারত থেকে বিভিন্ন ধরনের বাস সংগ্রহ করা হচ্ছে। ২৯০টি দ্বিতল বাস সংগ্রহ করা হয়েছে। এই দ্বিতল বাসগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে চলাচল করছে।”
আর্টিকুলেটেড বাস বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অশোক লেল্যান্ডের বানানো এই আর্টিকুলেটেড বাসগুলো ১৬ মিটার দীর্ঘ, আসন থাকে ৫৮টি।
এছাড়া আইডিসিএল প্রকল্পের আওতায় আরো ১০০টি একতলা শীতাতপ নিয়ন্ত্রিত বাস আগামী এপ্রিলের মধ্যে সংগ্রহ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে আরো ৩০০টি দ্বিতল বাস, ১০০টি একতলা শীতাতপ নিয়ন্ত্রিত সিটি বাস এবং ৫০০টি ট্রাক সংগ্রহের প্রয়োজনীয় কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, “আজো বামাদের উন্নয়নে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে।”
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বিআরটিসির প্রয়াত চেয়ারম্যান এম এম ইকবালের কথা স্মরণ করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে লাভজনক করতে প্রয়াত চেয়ারম্যান আন্তরিকতার সাথে কাজ করে গেছেন।
“এমন একটা সময়ে তাকে হারালাম- অনেক ক্ষতি হলো।”
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদও তার বক্তব্যের শুরুতে এম এম ইকবালের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
২০১০ সালে শেখ হাসিনার ভারত সফরের সময়ে বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেয়ার চুক্তি হওয়ার কথা উল্লেখ করে সালমান খুরশীদ বলেন, যে কোনো দেশকে ভারতের দেওয়া সর্বোচ্চ ঋণ এটি। সে সময়ের ভারতের অর্থমন্ত্রী এখন রাষ্ট্রপতি। তিনি শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
ভারতের ঋণে কেনা দ্বিতল বাসগুলো ঢাকার রাস্তায় চলতে দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেন সালমান খুরশীদ।
বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্নেল আবদুল্লাহিল করিম অনুষ্ঠানে জানান, আর্টিকুলেটেড বাসগুলো রোববার থেকেই যাত্রী বহন শুরু করবে। গাজীপুর থেকে মতিঝিলের শাপলা চত্বর রুটে এই বাস চলবে।
বিআরটিসির গাজীপুর ডিপোতে জ্বালানি সরবরাহসহ এই বাসের রক্ষণাবেক্ষনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পরে প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই বাসের চাবি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ফিতা কেটে আর্টিকুলেটেড বাসের উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
