২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ছাত্রের মৃত্যু

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক ছাত্র মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 09:09 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

নিহত রকিবুল ইসলাম হৃদয় (২১) তেজগাঁও সরকারী কলেজে বিবিএ প্রথম বর্ষের (পুরাতন) ছাত্র ছিল। তিনি নারায়ণগঞ্জের পাগলার নয়ামাটি এলাকার সোলায়মান হোসেনের ছেলে।

হৃদয়ের বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রেনের হাতল ধরে ঝুলে আসার সময় রোববার সকাল ১০টার দিকে জুরাইন রেলগেটের কাছে একটি টং ঘরের বাঁশের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে হৃদয় গুরুতর আহত হয়।

হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান   ঢামেক ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া।

হৃদয়ের বন্ধু রায়হান বলেন, “পাগলা স্টেশন থেকে আমরা কয়েক বন্ধু ঢাকাগামী একটি ট্রেনে উঠি। ভেতরে জায়গা না থাকায় আমরা দরজার পাশে দাঁড়াই। আর হৃদয় দরজার হাতল ধরে ঝুলে আসছিল।”

পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট হৃদয় কলেজের পরীক্ষায় অংশ নিতে ঢাকায় আসছিলেন বলে জানান তার বড় বোন রুবিনা আক্তার।