সিলেটে হরতালে হাতবোমা বিস্ফোরণ, ঝটিকা মিছিল
সিলেটে ইসলামী ছাত্র শিবিরের ডাকা আধাবেলা হরতালের সকালে ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
হরতালের সকালে শিবির কর্মীদের সড়ক অবরোধ
পরে পুর্ব দরগাগেইট এলাকায় ভিআইপি সড়কে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করে শিবির কর্মীরা। সেখানে তারা কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়।
সকাল ৭ টায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকাতেও শিবিরের ঝটিকা মিছিল থেকে হাতবোমা ফাটিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চলে।
এর কিছুক্ষণ পর নগরীর মিরাবাজার এলাকায় শিবিরকর্মীরা সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক হারে ঢিল ছুড়তে শুরু করে।
পরে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ।
সকাল ৮টার দিকে মদিনা মার্কেট এলাকাতেও সড়কে কাঠের গুঁড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে শিবির কর্মীরা। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
সকাল থেকে নগরীতে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলছে না। দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক।
হরতালের কারণে নগরীর সবকটি গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে । পাশাপাশি রয়েছে র্যাবের টহল।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, ঝটিকা মিছিল ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া হরতালে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
এদিকে হরতালে বিজিবি মাঠে থাকার সিদ্ধান্ত হলেও সকালে শহরের কোথাও তাদের দেখা যায়নি।
বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শফিউল আযম জানান, “যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রয়েছেন। পরিস্থিতি অনুযায়ী তারা কাজ করবেন।”
শনিবার শহরের নয়াসড়ক এলাকায় জামায়াত-শিবির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালে শিবিরের পাঁচ কর্মী আহত হয়। এর ‘প্রতিবাদে’ রোববার আধাবেলা এই হরতাল ডেকেছে মহানগর ইসলামী ছাত্রশিবির।
