রংপুরে হরতাল প্রতিহতের ঘোষণা
রংপুরে জামায়াতে ইসলামীর সোমবারের হরতাল প্রত্যাখ্যান এবং দোকানপাট খোলা রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা।
পাশাপাশি তারা হরতাল প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণাও দিয়েছেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, জেলা দোকান মালিক সমিতি, জাগরণী মঞ্চের আন্দোলনকারী এবং ১৪ দলের নেতারা শনিবার রাত সাড়ে ১১টায় বৈঠক করে এই ঘোষণা দেন।
চেম্বার সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার বানচাল করার জন্য ডাকা হরতালে ব্যবসায়ীদের দোকানপাট খোলার নির্দেশ দেয়া হয়েছে।”
জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন বলেন, “বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাতে জরুরি সভা করে সোমবার হরতালের দিন দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।”
জাগরণী মঞ্চে নেতৃত্বদানকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ জানান, সোমবার জামায়াতের ডাকা হরতাল চলাকালে রাজপথে থাকার পাশাপাশি সকাল থেকে জাগরণী মঞ্চে কর্মসূচি চলবে।
১৪ দলের জেলা সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদ বলেন, হরতালের দিন ১৪ দলের নেতাকর্মীরা দিনভর মাঠে থাকবেন। হরতালের নামে কাউকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।
ব্যবসায়ীরা সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।
শুক্রবার কক্সবাজারে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে হতাহতের ঘটনায় সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
