২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাহসের সীমাবদ্ধতায় আদালতে বাংলা চালু হচ্ছে না’

আদালতের সব পর‌্যায়ে বাংলা ভাষা চালুর দাবি জানিয়েছেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

তিনি বলেন, “বাংলা ভাষার যথেষ্ট শক্তি রয়েছে। সংবিধানও রচিত হয়েছে বাংলায়। তাহলে আদালতে কেন বাংলা চলবে না। আসলে আমাদের হিম্মত এবং সাহসের সীমাবদ্ধতা রয়েছে। আমি নিজেও বিষয়টি নিয়ে দিশেহারা।

বাংলাদেশ আইন সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ হাবিবুর রহমান এসব বলেন।

শনিবার সকালে নীলক্ষেত আইসিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

হাবিবুর রহমান আরো বলেন, আমরা ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় থাকাকেই প্রাধান্য দেই। অথচ সংসদে আদালতে বাংলা চালুর ব্যাপারে কোন কঠিন সিদ্ধান্ত নিই না। ১৯৭১ সালেল ১৫ ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু বলেছিলেন, দেশের সর্বস্তরে আমাদের যা প্রস্তুতি রয়েছে তা নিয়েই বাংলা ভাষা চর্চা শুরু করতে হবে। অথচ এর ২৭ বছর পর ১৯৯৮ সালের ১ মার্চ বঙ্গবন্ধুর  সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিচার প্রশিক্ষণ ইনিস্টিটিউটকে বলেছিলেন, সকল স্তরের আদালতে বাংলা ভাষায় রায়ের কথা। কিন্তু এখোনো তা করা হচ্ছে না।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজালুল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা প্রতিষ্ঠার জন্য সরকারের জোর তৎপরতা রয়েছে অথচ আমাদের আদালতে বাংলা চালুর মুরোদ নেই সরকারের।

তিনি বলেন, যদি কোন বিচারক বলেন আমি বাংলা বুঝি না। তাহলে তিনি আত্মস্বীকৃত খুনির মতোই। সেই ফরাসি বিপ্লবের সময় আদালতে নির্বাচিত হয়ে আসতে হতো।

তিনি মূল প্রবন্ধের একটি বক্তব্যকে খারিজ করে দিয়ে বলেন, ভাষার অধিকার মানবাধিকার নয় বরং নাগরিক অধিকার।

সরকারের কাছে  স্বতন্ত্র একটি ভাষা কমিশন গঠনেরও দাবি জানান আফজালুল মুনীর।

অপর আলোচক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, আইন সম্পর্কে গুটিকয়েক আইনজীবী এবং অল্প কয়েকজন বিচারকের জ্ঞানের স্বল্পতার কারণে আদালতে বাংলা চালু হচ্ছে না।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য সাধারন মানুষকে শোষনের জন্য ও তাদের কাছ থেকে আইন ও বিচারকাজকে দূরে রাখার একধরনের অহমিকা বোধ থেকে ওই শ্রেণির বিচার বিভাগের ও আইন পেশার লোক ইংরেজিতে সবকিছু চাচ্ছে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে সুর্প্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দীন আহমেদ মেহেদী, প্রথম আলোর সাংবাদিক আবদুল কাইয়ূম মুকুল প্রমুখ।