তরুণদের অভিনন্দন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
শাহবাগে চলমান আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে অব্যাহতভাবে শাহবাগে আন্দোলন চলছে। তরুণরা এ আন্দোলনের ডাক দিলেও তা ছাত্র-জনতার আন্দোলনে রূপান্তরিত হয়।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান খুরশিদ বলেন, “যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ততা দেখাটাই সব সময় চমৎকার। তারা তাদের বক্তব্য তুলে ধরছে, তাদের আকাঙ্ক্ষার কথা জানাচ্ছে যা আমি এখানে শুনছি ও দেখছি। তাদের এ ভূমিকায় আমি মুগ্ধ এবং তাদের আমি অভিনন্দন জানাই।”
শাহবাগের আন্দোলনকারী তরুণরা নতুন প্রজন্মের স্বপ্নকে তুলে ধরছে মন্তব্য করে তিনি বলেন, “গণতান্ত্রিক অগ্রযাত্রায় এটা আমাদের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”
“গণতন্ত্রের প্রতি আপনাদের গভীর অনুভূতি ও বিশ্বাসকে ফিরিয়ে আনবে এ আন্দোলন।”
আঞ্চলিক নিরাপত্তা বিবেচনায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে মন্তব্য জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “প্রতিটি দেশের প্রতিটি তরুণদের নিজস্ব স্বপ্ন থাকে এবং আমি আশা করি তাদের স্বপ্নে বৈশ্বিক চেতনারও প্রতিফলন থাকবে। আমি মনে করি আমরা শুধু তাদের শ্রদ্ধা করবো না, তাদের স্বপ্নকেও স্বাগত জানাবো।”
এ সময় আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সালমান খুরশিদ বলেন, “আমরা এটা স্বীকার করি এবং বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা ও সংহতি জানাই।”
একই প্রশ্নের জবাবে অবশ্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, জামায়াত নিষিদ্ধের দাবি এখন সারা বাংলাদেশে উচ্চারিত হচ্ছে।
“অবশ্যই জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার হিসেবে বর্তমান সরকার জনগণের দাবি বিবেচনায় আনবে।”
এক্ষেত্রে নির্বাচন কমিশনেরও একটা ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দীপু মনি বলেন, একাত্তরে কয়েকটি ইসলামী দলের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত থাকার কারণে মুক্তিযুদ্ধের পর ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধ করা হয়েছিল।
“কিন্তু ১৯৭৫ সালে জাতির জনককে হত্যা করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পর ওই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় আগেই সমর্থন জানিয়েছে ভারত সরকার।
