পদ্মায় নৌভ্রমণে ভুটানের রাজা-রানি
সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক শনিবার পদ্মায় নৌবিহার করেছেন।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় নৌভ্রমণের সময় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।
ঢাকা থেকে সড়ক পথে সকাল ১১টার দিকে তারা মাওয়ায় পৌঁছেন বলে জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামন।
তিনি বলেন, মাওয়া পৌঁছে তারা সেনাবাহিনীর ‘শক্তি সঞ্চার’ নামে একটি জাহাজে করে নৌভ্রমণে বের হন।
জাহাজে তাদের জন্য নৃত্য ও সংগীতের আয়োজন করা হয় বলেও ইউএনও জানান।
রাজা-রানি চাঁদপুরের কাছিকাছি এলাকায় নৌভ্রমণ শেষে দুপুর ২টায় মাওয়া ফিরে আসেন। এরপর সড়ক পথে আবার ঢাকার উদ্দেশে রওনা দেন।
ইউএনও আরো বলেন, সকালে রাজা-রানি মাওয়া এসে পৌঁছলে তাদের স্বাগত জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, লৌহজংয়ের ইউএনও মো. আসাদুজ্জামান প্রমুখ।
