২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ইসলামী ব্যাংকে ভাংচুর

মাদারীপুরের টেকেরহাটে শনিবার ইসলামী ব্যাংকে ইটপাটকেল মেরে ভাঙচুর করেছে একদল মিছিলকারী।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

এতে ব্যাংকের দোতলার কার্যালয়ের জানালার কয়েকটি গ্লাস ভেঙেছে বলে কর্তৃপক্ষ জানায়।

রাজৈর থানার ওসি মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে বের করা একটি বিক্ষোভ মিছিল জামায়াতবিরোধী স্লোগান দিয়ে টেকেরহাট বন্দরের লস্কর মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় বিক্ষুব্ধ যুবকরা ভবনটির দোতলায় অবস্থিত ইসলামী ব্যাংকে ইট পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।

ইসলামী ব্যাংক টেকেরহাট শাখার সেকেন্ড অফিসার সালেহ আহম্মেদ বলেন, রাজৈর উপজেলা চেয়ারম্যান ও বাজার কমিটির সেক্রেটারির সহায়তায় ব্যাপারটি সমাধান করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর পল্লবীতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকর্মী ব্লগার স্থপতি রাজীব হায়দারকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। প্রজন্ম চত্বরের আন্দালনকারীরা এবং রাজীবের স্বজনরা এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করছেন।