২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে জেএসএস’র ১৬ নেতাকর্মী অপহরণ

রাঙামাটির লংগদু উপজেলার ছোট কাট্টতলী থেকে শনিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ১৬ নেতাকর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 10:29 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

প্রশাসন এ ১৬ জন অপহৃত হওয়ার কথা শুনেছে বলে জানালেও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএ) দাবি, তাদের অন্তত ৫০ নেতাকর্মী অপহৃত হয়েছেন।

এদিকে এ ঘটনার জন্য তারা ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফ তা অস্বীকার করেছে।

লংগদু থানার ওসি রেজাউল হক সাংবাদিকদের বলেন, “১৬ জন অপহৃত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।”

পিসিজেএসএস কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা বলেন, শুক্রবার পিসিজেএসএস-এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসেন লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নেতাকর্মীরা।

শনিবার সকালে তারা রাঙামাটি শহর থেকে একটি লঞ্চযোগে ফিরে যাচ্ছিলেন। 

তিনি বলেন, “কাট্টতলী এলাকায় আগে থেকে অবস্থান নেয়া ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা লঞ্চটি আটকে অস্ত্রের মুখে লঞ্চসহ তাদের ৫০ নেতাকর্মীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।”

তাৎক্ষণিকভাবে তিনি নেতাকর্মীদের নাম জানাতে পারেননি।

এ ঘটনার প্রতিবাদে দুপুরে পিসিজেএসএস জেলা শহরে বিক্ষোভ-মিছিল করেছে। মিছিলটি পিসিজেএসএস এর জেলা শাখা থেকে বনরূপা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে সেখানে পিসিজেএসএস-এর জেলা শাখা সভাপতি গুনেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির নেত্রী সুপ্রভা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ নেতা রিপেশ চাকমা।

এ ব্যাপারে ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র মাইকেল চাকমা এ অপহরণের সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

তিনি এ অপহরণ ঘটনার নিন্দা জানান।