‘সরকারই দায়ী’
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইন প্রণয়নের ক্ষেত্রে সরকার ‘ফাঁক’ রেখেছিল বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
অন্যদিকে দলের আরেক নেতা জয়নুল আবদিন ফারুক শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের জন্য সরকারের ‘ব্যর্থতাকে’ দায়ী করেছেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে রফিকুল ইসলাম বলেন, “যুদ্ধাপরাধীর বিচারের জন্য বর্তমান সরকারই আইন প্রণয়ন করছে। ট্রাইব্যুনাল গঠন ও প্রসিকিউশন নিয়োগ তাদেরই করা।
জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ০৬, ২০১২
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের দ্বিতীয় রায়ে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদ- দিলে প্রকাশ্য হয় যে আপিলের ক্ষেত্রে সরকার ও আসামি পক্ষের সমান সুযোগ নেই।
যে কোনো রায়ের বিরুদ্ধে সরকারেরও আপিলের সুযোগ রেখে আইন সংশোধন বিল সংসদে রোববার পাসের জন্য উত্থাপিত হচ্ছে।
এদিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি চলছে।
রফিকুল ইসলাম বলেন, “আমরা যুদ্ধাপরাধের বিচার চাই। তবে সেই বিচার ন্যায়বিচার হতে হবে।”
শাহবাগের আন্দোলন সরকার ভিন্ন খাতে নিতে চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, “আমরা মনে করি, শাহবাগের আন্দোলন হচ্ছে দেশের অধিকার বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য। একে কোনোভাবে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আন্দোলনকারীদের সজাগ থাকা চাই।”
জাতীয় প্রেসক্লাবের সামনে আরেক কর্মসূচিতে সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক শাহবাগ আন্দোলনের কর্মী আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের জন্য সরকারকেই দায়ী করেন।
তিনি বলেন, “আমাদের সন্তানতুল্য রাজীব যিনি শাহবাগের গণজাগরণকে স্লোগানে মুখর করে তুলতেন, তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। এভাবে হত্যাকা- চলছেই। বিশ্বজিৎ হত্যাকারীরা ধরা পড়েনি। সাগর-রুনি হত্যার বিচার হয়নি। ১০ মাস অতিক্রান্ত হলেও নিখোঁজ ইলিয়াস আলীর আজো সন্ধান মেলেনি।”
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক
ব্লগার রাজীবকে শুক্রবার রাতে মিরপুরে তার বাসার সামনে কুপিয়ে হত্যা করে। এজন্য জামায়াত-শিবিরকে দায়ী করছে তার সহযোদ্ধা ও স্বজনরা।
ফারুক বলেন, “১৮ দলীয় জোট ভাঙতে সরকার জামায়াতকে টার্গেট করেছে। কিন্তু তাদের এই স্বপ্ন কখনো সফল হবে না। ১৮ দলীয় জোট কেউ ভাঙতে পারবে না।”
জামায়াতের বিষয়ে বিএনপি নেতা বলেন, “আমাদের সঙ্গে থাকলে জামায়াত যুদ্ধাপরাধী হয়ে যায়, আর আওয়ামী লীগের সঙ্গে থাকলে হয় না।
“১৯৯৬ সালে জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ যখন আন্দোলন করেছিল, এরশাদের একদলীয় নির্বাচনে অংশ নিয়েছিল, তখন তারা যুদ্ধাপরাধী হয় না!”
