ভুটানের রাজা-রানির সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ
সফররত ভুটানের রাজা ও রানির সম্মানে শুক্রবার গণভবনে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে ঢাকা আসেন।
ভুটানের রাজা-রানিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সফরে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে।
ভুটানই প্রথম বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় উল্লেখ
করে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক।
বাংলাদেশের মানুষের প্রতি ভুটানের বন্ধুসুলভ মনোভাব তুলে ধরে দেশটির রাজা বলেন, “আপনার প্রতি আমার পিতামহ ও বাবার গভীর ভালোবাসা ছিল। এখন আমার পরিবারও সেই অনুভূতিকে লালন করছে।”
নৈশভোজে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাগ্নে রেজওয়ান সিদ্দিকী ববি ও তার স্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দীন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুল সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
নৈশভোজের পর অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
