২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ ছাড়ছে না সাংস্কৃতিক সংগঠনগুলো

শাহবাগের জাগরণ সমাবেশ থেকে প্রতিদিন সাত ঘণ্টা বিক্ষোভের ঘোষণা আসলেও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আগের মতই দিনরাত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কয়েকটি সংগঠন।

আজিজ হাসান

সুলায়মান নিলয় ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধে সংসদে বিল পাস এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকারের সুস্পষ্ট পদক্ষেপ না আসা পর্যন্ত আন্দোলনের এ ঘোষণা দিয়েছে শহীদ জননী জাহানারা ইমাম স্কোয়াড, তীরন্দাজ অবিচার প্রতিরোধ মঞ্চ, স্লোগান ৭১ ও থিয়েটার আর্ট ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ, নাট্যবেদ, মুবিয়ানা ফিল্ম সোসাইটি, ছবির হাট ও ‘শাহবাগে সাইবার যুদ্ধ’ পরিচালনাকারীরা।

এছাড়া গত ৫ ফেব্রুয়ারি আন্দোলনের ডাক দেয়া ব্লগারদের মধ্যে অনেকেই দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দিন-রাত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। 

যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ সাত দফা দাবিতে টানা ১১ দিন সকাল-দুপুর-রাত আন্দোলন চালিয়ে আসার পর প্রতিদিন সাত ঘণ্টা বিক্ষোভের নতুন কর্মসূচি আসে শাহবাগে শুক্রবার বিকেলের সমাবেশ থেকে।

এ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ইমরান এইচ সরকার ঘোষণা দেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সাত দফা দাবিতে তাদের লড়াই চলবে।   তবে শাহবাগে টানা অবস্থানের বদলে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কর্মসূচি পালন করা হবে।

সমাবেশের মূল মঞ্চ থেকে এই ঘোষণা আসার পরপরই  দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিন-রাত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তীরন্দাজ অবিচার প্রতিরোধ মঞ্চের দীপক গোস্বামী সুমন। আন্দোলনের প্রথম রাত থেকেই অবিরাম নাচ, গান ও প্রতিবাদী নাটকের মাধ্যমে শাহবাগে কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি।

শহীদ জননী জাহানারা ইমাম স্কোয়াডের সংগঠক তপু আহমেদ মুনীরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টানা আন্দোলনের বদলে প্রতিদিন সাত ঘণ্টা কর্মসূচি পালনের এই ঘোষণা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আমরা মনে করি। তাই আগের মতই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমাদের।”

স্লোগান ’৭১-এর শান্তনু দে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত টানা আন্দোলন চালিয়ে যাবেন তারা।

শাহবাগে এই আন্দোলনের অন্যতম অংশ ছিলো, ‘শাহবাগে সাইবার যুদ্ধ’। অনলাইনে জামায়াত-শিবিরের প্রচারণা রুখতে একটি ফেসবুক পেজ খুলে অর্ধশতাধিক ল্যাপটপে অবিরাম এই ‘যুদ্ধে’ অংশ নেয় তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সংগঠনগুলোর সম্মিলিত প্রয়াসে এই আয়োজনের সমন্বয়ক ডিইউটিআইটিএসের সভাপতি আব্দুল্লাহ আল ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আগের মতোই আমাদের আন্দোলন চলবে।”

তাদের সঙ্গে একমত প্রকাশ করে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান জানিয়েছেন অনেক শিক্ষার্থী। এদেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরে আলম দুর্জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি মনে করি আমাদের এখানে থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও আমার কাছে তাদের এই মনোভাবের কথা জানিয়েছেন।”

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে এই আন্দোলন শুরু হয়।

সেদিন বিকাল সাড়ে ৩টায় ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের একটি মানববন্ধন থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়। ওই রাতে উদ্যোক্তা এই সংগঠনের পক্ষ থেকে মঞ্চ থেকে চলে যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন সকাল ৮টায় আবার শাহবাগে সমবেত হওয়ার কথা বলা হয়।

রাতে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্টরা চলে গেলেও সারা রাত সেখানে নাটক, গান ও স্লোগান নিয়ে সরব থাকে তীরন্দাজ অবিচার প্রতিরোধ মঞ্চ, স্লোগান ’৭১ সহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।এরপর ধীরে ধীরে তা জনতার আন্দোলনে রূপান্তরিত হয়।

শাহবাগ মোড়ে এ আন্দোলনের মূল মঞ্চ থাকলেও তা ছড়িয়ে পড়ে চারদিকের সড়কগুলোতে। সড়কে কোনো সংগঠন মোমবাতি জ্বালিয়ে, কেউ নাটক, গান বা কবিতা নিয়ে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দিয়ে যায় অবিরত, যাদের প্রত্যেককে ঘিরে তৈরি হয় একেকটি মঞ্চ।   

পুরনো খবর:

শাহবাগে প্রতিদিন ৭ ঘণ্টা কর্মসূচি