২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূটানের রাজা-রানির নৌবিহার শনিবার

সফররত ভূটানের রাজা জিগমে খেসার  নামগিয়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক পদ্মায় নৌবিহারে  যাবেন শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

সকাল ১০টায় তারা ঢাকা থেকে সড়ক পথে মাওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বলে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসময় ঢাকায় নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূতসহ বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্মারা তার সফরসঙ্গী হবেন।

নৌ ভ্রমণকালে জাহাজেই মধ্যাহ্নভোজ সারবেন রাজা-রানি। জাহাজটি বিদেশি এ অতিথিদের নিয়ে চাঁদপুরের দিকে যাবে। দুপুর ২টার দিকে মাওয়ায় এসে সড়ক পথে আবার ঢাকা ফিরে যাবেন ভুটানের রাজা-রানি।

এ নৌবিহারের জন্য শুক্রবার বিকেলই মাওয়ায় এসে পৌঁছেছে সেনা বাহিনীর জাহাজ ‘শক্তি সঞ্চার’। সেইসঙ্গে সেনা সদস্যরা রাজা-রানির নিরাপত্তা নিশ্চিতে মাওয়া ঘাটে নিরাপত্তা বেস্টনী গড়ে তুলেছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামন আরো বলেন, ভুটানের রাজা-রানিকে স্বাগত জানাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

শুকবার দুপুরে এজন্য লৌহজংয়ের মাওয়া পদ্মা সেতু রেস্ট হাউজে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মুজুমদার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।

ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক ছয়দিনের শুভেচ্ছা সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছেন।

ভুটানের রাজার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। রানী পেমা ওয়াংচুকের এটা প্রথম বাংলাদেশ সফর।

সফরসূচি অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন ওয়াংচুক দম্পতি।

রাজা জিগমে ২০০৬ সালের ৯ ডিসেম্বর সিংহাসনে বসে ভুটানে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন।

ভুটানে ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট নির্বাচন হয়। ২০০৮ সালের ১৮ জুলাই দেশটির প্রথম নির্বাচিত পার্লামেন্টে ভুটানের সংবিধান গৃহীত হয়।