বড়াইগ্রামে সংঘর্ষে বৃদ্ধ স্বামী-স্ত্রী খুন
জমি নিয়ে পারিবারিক কলহের জেরে নাটোরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ভাই ও ভাবী নিহত হয়েছেন। আহত হন পরিবারের পাঁচ সদস্য।
বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরে শুক্রবার এ ঘটনার পর পুলিশ এক মহিলাকে আটক করেছে।
নিহতরা হলেন আবুল খায়ের ওরফে আবু (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)।
আহতদের মধ্যে আবুর বড় ভাই রুহুল আমিন (৬৫), রুহুল আমিনের মেয়ে রানু (২৮) ও ছেলে মিজানকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নুরু ও তার স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে বনপাড়া পৌরসভার কালিকাপুর নতুন বাজারের নুরু মুন্সির সঙ্গে তার ভাইদের বিরোধ চলছিল দীর্ঘদিন থেকে।
এর জের ধরে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরু মুন্সি তার বড় ভাই আবু মুন্সিকে মারপিট করেন। এরপর আবুর ভাই রুহুল আমিন ও স্ত্রী-সন্তানদের সঙ্গে নূরুর ঝগড়া শুরু হয়।
এক পর্যায়ে নুরু মুন্সি ও তার ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে আনোয়ারা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা আবু।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া বেগমকে আটক করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
