২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণসমাবেশ থেকে শিবির সন্দেহে দুজন আটক

চট্টগ্রামে যুদ্ধাপরাধের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের সমাবেশ থেকে শিবিরকর্মী সন্দেহে দুই জনকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর জামালখান প্রেসক্লাব চত্বর থেকে রবিউল ও তারেক নামে ওই দুই জনকে আটক করে পুলিশ।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ জানান, আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অবস্থান কর্মসূচিতে সমবেতরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান,  গণজাগরণ মঞ্চে কর্মসূচি চলার সময় ওই দুই তরুণ মোবাইল ফোনে বিভিন্ন জনের ছবি তুলছিল।

এর আগেও এই সমাবেশস্থল থেকে তিন শিবিরকর্মীকে আটক করে পুলিশে দেয় আন্দোলনরতরা।

এদিকে, বিকাল ৫টার দিকে নগরীর চকবাজার এলাকার কাপাসগোলা সড়কে ঝটিকা মিছিল করে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায় জামায়াত-শিবির কর্মীরা। তখন পুলিশের ধাওয়ার মুখে তারা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা সদীপ কুমার।