২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাগরণের স্রোতে মিশল ক্যামব্রিয়ানের শিক্ষার্থীরা

দাবির মুখে শিক্ষার্থীদের শাহবাগের সমাবেশে নিয়ে এসেছে ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

কলেজের উপাধাক্ষ মাহবুব আলম লিংকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় তাদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে শাহবাগে এসে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংহতি প্রকাশে বিলম্ব হয়েছে।”

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। কিন্তু বুধবার ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের একদল শিক্ষার্থী ওই কর্মসূচিতে একাত্মতা জানাতে চাইলে শিক্ষকদের বাধার মুখে পড়ে বলে অভিযোগ উঠে। 

বুধবার আরাফাত হোসেন নামে এক ছাত্র ক্যামব্রিয়ান কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।

এতে বলা হয়, শাহবাগের আন্দোলনে যেতে চাওয়ায় তাকেসহ কয়েকজন শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপাধাক্ষ বলেন, ১৩ ফেব্রুয়ারির ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা, এর সাথে শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনে আসতে চাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

কলেজের একাদশ শ্রেনীর ছাত্র শাওন বলেন, “আমাদের চাপের কারনেই স্যাররা এখানে নিয়ে এসেছেন।”

আরেক ছাত্র মামুন বলেন, “আমরা স্যারদের কাছে আবেদন করেছিলাম শাহবাগে আসার জন্য। এর কারণে আমরা ছয় শতাধিক ছাত্র আজকের সমাবেশে এসেছি।”