২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেরোর কণ্ঠে একাত্তর

স্বাধীনতা আন্দোলনের উত্তাল দিনগুলোতে যেসব গান আর স্লোগানে প্রাণ বেঁধেছিল বাঙালি, সেইসব পংক্তি আর প্রতিবাদী সুরই জাগিয়ে রাখছে শাহবাগের জাগরণকে।

আশিক হোসেন

মামুনুর রশীদ, ও ফয়জুল সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 08:49 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে এই শাহবাগেই টানা ১১ দিন ধরে চলছে আন্দোলন। এসেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিও। 

এই আন্দোলনে সংহতি জানাতে শরীয়তপুর থেকে এসেছেন মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই স্লোগান আর গান আমার তারুণ্যকে ফিরিয়ে দিয়েছে। তরুণ বয়সে আমরা যে স্লোগান আর গানে উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, এখানে এসে তারই প্রতিফলন দেখতে পাই।”

এই মুক্তিযোদ্ধার মতে, শাহবাগ যা দেখাল, তা আসলে একটি ‘অভ্যুত্থান’।

“এই মুহূর্তে এদশের জন্য একটি বিপ্লবের প্রয়োজন ছিল। তরুণদের এই আন্দোলন সেই বিপ্লবের পথকে প্রশস্ত করল।”

শুক্রবার সকালে আন্দোলনের একাদশতম দিনেও গণজাগরণ মঞ্চ এবং মঞ্চের বাইরে বিভিন্ন জমায়েতে দিনভর উচ্চারিত হয় স্লোগান- জয় বাংলা, তোমার আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে/বাঙালি বাঙালি।

পুরান ঢাকার বাসিন্দা মো. হাকিম আন্দোলনের দ্বিতীয় দিন থেকে এই এলাকায় পতাকা বিক্রি করছেন। তিনি বলেন, “যুদ্ধের সময় আমি অনেক ছোট ছিলাম। তবে শাহবাগের এই স্লোগান শুনে সেই দিন আর এই দিনের পার্থক্য বুঝি না।”

মুক্তিযোদ্ধা দাদুর সঙ্গে শুক্রবার সকালে শাহবাগে আসে কলেজপড়ুয়া নিষাদ। স্লোগানে গলা মেলানোর ফাঁকেই সে বললো, “মুক্তিযুদ্ধের এই স্লোগানগুলো শুধু টিভিতে দেখেছি, রেডিওতে শুনেছি। কিন্তু এর স্পিরিট বুঝলাম এখানে এসে। এ এক অন্যরকম অনুভূতি। আমি যেন আমাকেই নতুন করে চিনছি।”

Image
তোমার আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে/বাঙালি বাঙালি

তোমার আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে/বাঙালি বাঙালি

Image
আম পাতা জোড়া জোড়া/ওই রাজাকার সরে দাঁড়া

আম পাতা জোড়া জোড়া/ওই রাজাকার সরে দাঁড়া

জাগরণ সমাবেশ সামনে রেখে শুক্রবার সকাল থেকেই শাহবাগে জনতার ঢল নামে।  হাতে বাংলাদেশের জাতীয় পতাকা আর কপালে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই লেখা ব্যান্ড বেঁধে জমায়েতে শামিল হন নানা বয়সের মানুষ।

কুমিল্লা থেকে আসা রাগিব আহসান বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “মহাসমাবেশে যোগ দেয়ার জন্য আনেক রাতে কুমিল্লা থেকে রওনা দিয়ে কিছুক্ষন আগে পৌঁছেছি।”

ফরিদপুরের পক্ষাঘাতগ্রস্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ৫ ফেব্রুয়ারি রাত থেকেই অবস্থান করছেন ‘প্রজন্ম চত্বরে’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসেও আমার একটাই দাবি যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।”

গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে এই জমায়েত শুরুর পর থেকেই নোঙ্গর তোলো তোলো/সময় যে হলো হলো, বাংলার হিন্দু/ বাংলার বৌদ্ধ/ বাংলার খৃষ্টান/ বাংলার মুসলমান/ আমরা সবাই বাঙালি’, জয় বাংলা/ বাংলার জয়, মাগো ভাবনা কেন/আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, সব কটা জানালা খুলে দাও না/আমি গাইব/ গাইব/ বিজয়েরই গান গোটা শাহবাগ এলাকায় ফিরছে মানুষের মুখে মুখে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে এই গানগুলোই একাত্তরে প্রেরণা যুগিয়েছিল বাঙালীকে।

তবে শাহবাগের এই জাগরণ নতুন গান, নতু কবিতা আর নতুন স্লোগানেরও জন্ম দিচ্ছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তির উদ্যোগে প্রকাশিত হচ্ছে বিভিন্ন পুস্তিকা, লিফলেট।

আমি দেখেছি ২০১৩ দেখিনি ৭১/আমি দেখেছি শাহবাগ জনসমুদ্দুর, শাহবাগ আর শাহবাগে নেই শাহবাগ সারা দেশে/আশার পাখিরা ভাষা পেল আজ এই শাহবাগে এসে- এ রকম আরো কয়েকটি নতুন গান এরই মধ্যে মানুষের মন কেড়েছে।

তৈরি হচ্ছে নতুন স্লোগানও। একাত্তরের চেতনায় যুক্ত হচ্ছে নতুন বারুদ। কণ্ঠে কণ্ঠে ফিরছে- শাহবাগের মোহনা/তোমার আমার ঠিকানা, আম পাতা জোড়া জোড়া/ওই রাজাকার সরে দাঁড়া/ওই জনতার পাগলা ঘোড়া/টগবগ টগবগ টগবগ।