২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: চট্টগ্রাম প্রেসক্লাবের এক সদস্যের পদ বাতিলে চিঠি

যুদ্ধাপরাধের অভিযোগ এনে চট্টগ্রাম প্রেসক্লাবের এক স্থায়ী সদস্যকে বহিষ্কার চেয়ে চিঠি দিয়েছেন অন্য এক সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

দৈনিক ডেসটিনির চট্টগ্রাম অফিসের রিপোর্টার সিরাজুল ইসলামের সদস্যপদ বাতিলের এই চিঠি দিয়েছেন বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান ফেরদৌস।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা চলাকালে এই চিঠি দেন হাসান ফেরদৌস।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই চিঠি নিয়ে পরবর্তী সভায় আলোচনা হবে।”

হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিরাজুল করিম মানিক ও তার পরিবারের সদস্যরা সরাসরি একাত্তরে যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।”

মানিক আলবদর বাহিনীর সদস্য ছিলেন বলেও দাবি করেন হাসান।

প্রেসক্লাব ছাড়াও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নেও একই চিঠি দিয়েছেন হাসান।     

যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লা এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত মো. কামারুজ্জামানের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের পর চট্টগ্রামে হাসান এই পদক্ষেপ নিলেন।