শুক্রবার শাহবাগে ‘জাগরণ সমাবেশ’
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশজুড়ে জাগরণের একাদশ দিনে শাহবাগে ‘জাগরণ সমাবেশের’ ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
শুক্রবার বিকেল ৩টায় এই সমাবেশ থেকেই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি।
বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক ৭টায় সারা দেশে মোমবাতি হাতে পথে নেমে আসে মানুষ। শাহবাগের গণজাগরণ মঞ্চ ঘিরে লাখো কণ্ঠ গেয়ে ওঠে- মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে।
মোমবাতি জ্বালানোর আগে সবাই এক মিনিট নীরবতা পালন করেন। নীরবতা শেষে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ।
এ সময় দাঁড়িয়ে থাকা প্রত্যেকের হাতে মোমের শিখা এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। মুখে মুখে চলতে থাকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান।
প্রদীপ প্রজ্জ্বলন শেষে এ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ইমরান এইচ সরকার মূল মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আগামীকাল (শুক্রবার) বিকেল ৩টায় শাহবাগে ‘জাগরণ সমাবেশ’ করা হবে। রাজধানীসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক সংগঠন, শিল্প কারখানার শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।”
হাজারো প্রদীপ জ্বলছে জাগরণের কেন্দ্রস্থল শাহবাগে
ইমরান বলেন, “আমাদের যে ক’টি প্রধান দাবি ছিল, তার একটি, ট্রাইব্যুনাল আইন সংশোধনের দাবি বাস্তবায়নের পথে। আইনটি রোববার সংসদে পাশ হবে বলে আমরা আশা করছি। এটি আমাদের আরেকটি প্রাথমিক বিজয়।
যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াতে ইসলামীর সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধসহ অন্যান্য যে দাবি শাহবাগের মঞ্চ থেকে এসেছে, তা বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
গত শুক্রবার শাহবাগে মহা সমাবেশ ও মঙ্গলবার দেশজুড়ে তিন মিনিট নিরবতা কর্মসূচির পর প্রদীপ প্রজ্জ্বলনেও সারা দেশ থেকে অভূতপূর্ব সাড়া এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নাতনিকে সঙ্গে নিয়ে মোমবাতি হাতে এ কর্মসূচিতে শামিল হয়েছেন ।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
সেই থেকে জাগ্রত জনতা রাতদিন শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে আসছে- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।’
একাত্মতা সাবেক ছাত্রনেতাদের
স্বৈরাচার প্রতিরোধ দিবসে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের গণজাগরণ মঞ্চে বৃহস্পতিবার সংহতি জানিয়েছেন ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচার পতন আন্দোলনে সক্রিয় ছাত্রনেতারা।
বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহবাগ গিয়ে তারা সবার সঙ্গে স্লোগানে কণ্ঠ মেলান।
সাবেক ছাত্রনেতাদের মধ্যে ছিলেন- আনোয়ারুল হক, সুলতান মো. মনসুর, মুশতাক হোসেন, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, রাগীব আহসান মুন্না, খবিরউদ্দিন আহমেদ, রুহিন হোসেন প্রিন্স, শফি আহম্মেদ, মুনীরুদ্দীন আহমেদ, আব্দুল আউয়াল, ওবায়দুল হাসান সিদ্দিকী, আসাদুল্লাহ তারেক, ইসহাক আলী খান পান্না প্রমুখ।
এছাড়া প্রবাসী বাংলাদেশি ব্লগারদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কামরুল আহসান খান, মিরপুর আইডিয়াল গার্লস স্কুল ও কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, ইস্পাহানি গার্লস স্কুল ও কলেজ, মুক্তিযুদ্ধে শহীদ আমিনের মা বৃহস্পতিবার শাহবাগের আন্দোলনে সংহতি জানান।
