২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল সামরিক অধ্যাদেশগুলো কার্যকরে আইন হচ্ছে

উচ্চ আদালতের রায়ে বাতিল দুই পর্যায়ে সামরিক আইনে জারি করা অধ্যাদেশগুলো কার্যকরে আইন করতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 11:55 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আইন প্রণয়নের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।

উচ্চ আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তীকালে এবং এইচ এম এরশাদের সময়ে জারি করা অধ্যাদেশগুলো অকার্যকর হয়ে পড়ে।

১৯৭৫ সালের ২০ অগাস্ট থেকে ১৯৭৭ সালের ৯ এপ্রিলের মধ্যে এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত জারি করা অধ্যাদেশগুলো কার্যকরে রাষ্ট্রপতি জিল্লুর রহমান দুটি অধ্যাদেশ জারি করেন।

সংবিধান অনুযায়ী, জারি করা কোনো অর্ডিনেন্স পরবর্তী সংসদ অধিবেশনেই পাস করতে হয়।

সেই জন্য জাতীয় সংসদের গত ২৭ জানুয়ারির অধিবেশনে অর্ডিনেন্স দুটি উপস্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

এই রকম ১৭২টি অধ্যাদেশ রয়েছে। সংশোধনসহ অধ্যাদেশের সংখ্যা সাড়ে পাঁচশ’ হবে।

বিপুল সংখ্যক অধ্যাদেশ পর্যালোচনা করে ৩০ দিনের মধ্যে পাস করা সময়সাপেক্ষ বলে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ দুটি বিল আকারে সংসদে আনা হবে।

মোশাররাফ হোসাইন বলেন, মন্ত্রিসভার বৃহস্পতিবারের বৈঠকে সামরিক সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ তোলা হয়েছিল।

“সরকারি কাজের ধারাবাহিকতার স্বার্থে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হয়েছিল। আইন অনুযায়ী তা সংসদে উত্থাপিতও হয়েছিল।”

“এখন মন্ত্রিসভার সিদ্ধান্তে রাষ্ট্রপতির অধ্যাদেশ বিল আকারে সংসদ উত্থাপন করা হবে। সংসদে তা পাস হলে কার্যকারিতা বজায় থাকবে। সরকারি কাজের ধারাবাহিকতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হবে না,” বলেন সচিব।

আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে অধ্যাদেশ দুটি বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানান সচিব।

আইনের বিষয়ে তিনি বলেন, “আমব্রেলা ল’ এর মতো হবে। এটি মন্ত্রিসভা নীতিগত এবং ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।”

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, যে অধ্যাদেশগুলো যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট, সে মন্ত্রণালয়গুলো তা পর্যালোচনা করবে। যদি কোনো অধ্যাদেশের প্রয়োজনীয়তা না থাকে, তখন তা আর আইনে পরিণত করা হবে না।

এই বিষয়টি নিয়ে বেলা সাড়ে ১২টা থেকে শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ সময় আলোচনা হয় বলেও তিনি জানান।

আদালতের রায়ে সামরিক আইনে জারি করা অধ্যাদেশগুলোর কার্যকারিতা লুপ্ত হয়েছিল। তবে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে তা নতুন করে কার্যকর হচ্ছে।

মন্ত্রিসভার বৃহস্পতিবারের বৈঠকে ‘ভোটার তালিকা (সংশোধন) আইন-২০১৩’ও অনুমোদিত হয়েছে।

মোশাররাফ বলেন, ভোটার তালিকায় নামের সংশোধনের জন্যই এই আইনটি সংশোধন করা হয়েছে। এখন জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদে যেভাবে নাম থাকবে, সেভাবেই ভোটার তালিকায় নাম লেখা হবে।