কুষ্টিয়ায় কলেজছাত্রী খুন, স্বামী পলাতক
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্ত্রীকে খুনের পর এক ব্যক্তি পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার নওদা বহালবাড়িয়া গ্রাম থেকে গৃহবধূ স্নিগ্ধা আক্তারের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
স্নিগ্ধা সদর উপজেলার চৌড়হাস গ্রামের আব্দুল বারীর মেয়ে। এক বছর আগে মিরপুর উপজেলার চুনিপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে শিহাবের (২৫) সঙ্গে বিয়ে হয় তার।
বুধবার সন্ধ্যায় শিহাব স্ত্রীকে নিয়ে নওদা বহালবাড়িয়া গ্রামে তার খালার বাড়ি বেড়াতে এসেছিলেন।
শিহাব ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র এবং স্ত্রী স্নিগ্ধা কুষ্টিয়া সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
মিরপুর থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় শিহাব।
লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
