ভুটানের রাজা-রানি ঢাকায়
ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক ছয়দিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে রাজকীয় অতিথিদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় নামার পর ভুটানের রাজা-রানীকে মোটর শোভাযাত্রাসহ সোনারগাঁও হোটেলে নেওয়া হয়। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হোটেলে ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ভুটানের রাজার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। রানী পেমা ওয়াংচুকের এটা প্রথম বাংলাদেশ সফর।
সফরসূচি অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন ওয়াংচুক দম্পতি।
রাজা জিগমে ২০০৬ সালের ৯ ডিসেম্বর সিংহাসনে বসে ভুটানে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন।
ভুটানে ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট নির্বাচন হয়। ২০০৮ সালের ১৮ জুলাই দেশটির প্রথম নির্বাচিত পার্লামেন্টে ভুটানের সংবিধান গৃহীত হয়।
