আঞ্চলিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
মানবপাচারসহ সব ধরনের চোরাচালান বন্ধে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা সফররত শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিস বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে এলে এ কথা বলেন শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়ে জানান।
প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের দেশগুলোতে মানব পাচারসহ সকল ধরনের চোরাচালান বন্ধে পারস্পরিক সহযোগিতা দরকার।
এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় দারিদ্র বিমোচনের ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
বাংলাদেশ থেকে শ্রীলংকায় ওষুধ আমদানির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের ৯২টি দেশে ওষুধ রপ্তানি করে।
দুই দেশের সম্পর্কের বন্ধুত্বপূর্ণ ভবিষ্যতে আরো দৃঢ় হওয়ার আশা প্রকাশ করে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুদেশের মধ্যে নৌ এবং আকাশ পথে যোগাযোগ বাড়ানোর কথা বলেন শেখ হাসিনা।
এক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে ফিডার সার্ভিস পূনরায় চালু করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন মূখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদ উজ জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ।
