রাজশাহীতে শিবিরের হামলা, ৭ পুলিশ আহত
রাজশাহীর বহরমপুর ও কাটাখালীতে ইসলামী ছাত্রশিবির কর্মীদের হামলা ও হাতবোমা বিস্ফোরণে মতিহার থানার ওসিসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
রাজপাড়া থানার ওসি আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিবির কর্মীরা বহরমপুর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ছোড়ে।
এতে পুলিশের তিন কনস্টেবল আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জিল্লুর রহমান জানান।
প্রায় একই সময়ে কাটাখালী বাজারে জামায়াত-শিবির কর্মীরা ওলামায়ে মাশায়েক ব্যানারে দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে আকষ্মিক মিছিল বের করে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবরোধ সৃষ্টির চেষ্টা করে।
পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলে শিবির কর্মীরা হাতবোমা ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় এবং পুলিশের দিকে বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে বলে মতিহার থানার ওসি আবদুস সোবহান জানান।
এ সময় ওসি সোবহানসহ চার পুলিশ সদস্য আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে টেলিফোনে কথা বলেন সোবহান।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে।
দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় জামায়াত-শিবিরের অন্তত ২৫ কর্মী আহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মহসিন আলম সাইমুম।
রাজশাহীর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় জামায়াত-শিবিরের ২৫ কর্মীকে আটক করা হয়েছে।
এছাড়া শহরের নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে জামায়াতে ইসলামী ও তাদের সহযেগী সংগঠন ইসলামী ছাত্র শিবির।
মঙ্গল ও বুধবার রাজধানীর কারওয়ানবাজার ও মতিঝিলে তারা ব্যাপক তাণ্ডব চালায়। জামায়াতের মিছিল থেকে ছোড়া গুলিতে ও ঢিলের আঘাতে ঢাকা মহানগর পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।
