২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ

গণতন্ত্র মুক্তির আন্দোলনে শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বৈরাচার প্রতিরোধ দিবস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 05:38 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

১৯৮২-৯০ স্বৈরাচার বিরোধী ছাত্র নেতৃবৃন্দ ব্যানারে বৃস্পতিবার সকালে কার্জন হল ও শিক্ষা ভবনের সামনে অবস্থিত শিক্ষা ও গণতন্ত্র স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

এরপর বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শুরু হয় স্বৈরাচারবিরোধী দিবস উদযাপন পরিষদের সমাবেশ। স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে যোগ দেন।

১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি যে শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সূচনা হয়, তাদের চেতনা জাগ্রত রাখার শপথ নেয়া হয় সমাবেশ থেকে।

Image
১৪ ফেব্রুয়ারি ১৯৮৩, ছাত্রদের মিছিলে পুলিশের গুলি।

১৪ ফেব্রুয়ারি ১৯৮৩, ছাত্রদের মিছিলে পুলিশের গুলি।

Image
১৪ ফেব্রুয়ারি ১৯৮৩, ব্যারিকেড ভেঙে এগোচ্ছে ছাত্ররা।

১৪ ফেব্রুয়ারি ১৯৮৩, ব্যারিকেড ভেঙে এগোচ্ছে ছাত্ররা।

সামরিক শাসক এইচ এম এরশাদের সময়ে প্রণীত মজিদ খান কমিশনের শিক্ষানীতি বাতিলের দাবিতে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলা ভবনের সামনে বটতলায় মিলিত হন। তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনের দিকে এগোলে মিছিলে চালানো হয় গুলি। এই আন্দোলনে জয়নাল, জাফর, কাঞ্চন, দিপালী সাহা, মোজাম্মেল, আইয়ুবসহ অন্তত ১০ শিক্ষার্থী নিহত হন।

দুর্বার আন্দোলনের মুখে ১৮ ফেব্রুয়ারি সেই শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় এরশাদ সরকার।

দিনটি স্মরণে সকাল সাড়ে ৮টায়  শিক্ষা ও গণতন্ত্র স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের মধ্যে আখতারুজ্জামান, মুনীর উদ্দিন আহমেদ, মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে হোসেন বাদশা, মিজানুর রহমান মানু, আসাদুল্লাহ তারেক, সুলতান মো. মনসুর, মুশতাক হোসেন, আনোয়ারুল হক, সাইফুল হক, এম এ জলিল, এসএম কামাল হোসেন, আবদুস সাত্তার খান, সুজাউদ্দিন জাফর, একেএম জহিরুল ইসলাম, বজলুর রশিদ ফিরোজ, রাগিব আহসান মুন্না, রুহিন হোসেন প্রিন্স, বেলাল চৌধুরী, রাজেকুজ্জামান রতন, হিমাংশু সিংহ, মনসুরুল হক সোহন, মোস্তফা ব্যানার্জি, শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে শাহবাগের গণজাগরণ মঞ্চে আয়োজিত শহীদ স্মরণ সভা ও গণসঙ্গীত অনুষ্ঠানে সাবেক এই ছাত্র নেতারা অংশ নেবেন।

স্বৈরাচারবিরোধী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক রফিক উল্লাহ খান বলেন, ‘১৪ ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে একটি তাৎপর্যময় ও স্মরণীয় দিন। এই দিনে স্বৈরশাসক এরশাদ প্রণীত সাম্প্রদায়িক ও গণবিরোধী ‘মজিদ খান শিক্ষানীতি’ বাতিল করার দাবিতে আন্দোলনকারী ছাত্রদের অনেকেই শহীদ হন।

“কিন্তু আজকের তরুণ প্রজন্মের অনেকের কাছেই সেই ইতিহাস অজানা। কিন্তু ইতিহাস ভুলে গেলে তো চলবে না। আজকের তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে।”

‘স্বৈরাচারবিরোধী দিবস’ উদযাপন পরিষদের সদস্য সচিব রতন সিদ্দীকি বলেন, ১৯৮৩ সালের আন্দোলন এবং ২০১৩ সালের প্রজন্ম চত্বরের আন্দোলনের সৈনিকরা এক ও অভিন্ন আদর্শের উত্তরাধিকার। ত্রিশ বছর আগে যে আন্দোলনের ভেতর দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল তারই উত্তরাধিকার বহন করছে আজকে শাহবাগে সমবেত তরুণ প্রজন্ম।