তুরাগে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
রাজধানীর তুরাগ থানা এলাকায় কথিত বন্দুকযুদ্ধে তিন ‘ট্রান্সফর্মার চোর’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে পুলিশ ছয়জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
তিনি জানান, চলতি মাসের শুরুতে মুন্সীগঞ্জে ট্রান্সফর্মার চোরদের হামলায় গোয়েন্দা পুলিশের এক সদস্য নিহত হওয়ার ঘটনায় শিপন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতেই ওই চক্রের অপর সদস্যদের ধরতে ভোরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।
মাসুদুর রহমান বলেন, পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর পরপরই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ট্রান্সফর্মার চোরেরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ।
এক পর্যায়ে চোরেরা পালানোর চেষ্টা করলে ছয়জনকে অস্ত্রসহ আটক করা হয় বলে উপ কমিশনার জানান।
তিনি বলেন, বন্দুকযুদ্ধে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহত তিনজন হলেন- মো. সেলিম, তার ছোট ভাই মো. জাকির ও তাদের সহযোগী সাজিদ।দুই ভাইয়ের গ্রামের বাড়ি কুমিল্লায় আর সাজিদের বাড়ি জামালপুরের দেওয়াগঞ্জে।
আর গ্রেপ্তার ছয়জন হলেন- সুজন, সুরুজ, হীরা, হাফিজ, লাল মিয়া ও রাজু।
তাদের কাছ থেকে ১টি পিস্তল, ২টি রিভলবার, গুলি এবং কয়েকটি চাপাতি, রামদা ও গ্রিলকাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে বলে মাসুদুর রহমান জানান।
দুপুরে মিণ্টু রোডের পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি ট্রান্সফর্মার চুরির সঙ্গে জড়িত। গত বছরের জুন মাসে ময়মনসিংহের ত্রিশালে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে এক চক্রের চার চোর গণপিটুনিতে নিহত হয়েছিল।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, সেলিম ছিল তাদের দলনেতা। সাধারণত শীত মৌসুমেই তারা ট্রান্সফর্মার চুরি করে।”
সংবাদ সেম্মেলনে জানানো হয়, চুরি করা এসব ট্রান্সফর্মার গাজীপুরের কোনবাড়ীতে এক ফ্যাক্টরিতে বিক্রি করত চোরেরা। সেলিমের কাছ থেকে প্রতিটি চোরাই ট্রান্সফর্মার ৭০ থেকে ৮০ হাজার টাকায় কিনে নিত ওই কারখানার মলিক কায়েস ও ইসরাফিল। এরপর ওই ট্রান্সফর্মার খুলে বিভিন্ন অংশ এক লাখ থেকে এক লাখ ত্রিশ হাজার টাকায় বিক্রি করত তারা।
কায়েস ও ইসরাফিলকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে মনিরুল ইসলাম জানান।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে বলেছে, গত ৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়ায় তাদের হামলাতেই গোয়েন্দা পুলিশের এসআই শরীফুল ইসলাম নিহত হন।
ওই ঘটনায় শিপন নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।
