‘অবহেলায়’ নবজাতকের মৃত্যু, পরিবার কল্যাণ পরিদর্শক বরখাস্ত
কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবার কল্যাণ পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান বুধবার পরিদর্শক শামছুন্নাহার হ্যাপিকে বরখাস্তের কথা জানান।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লী ইউনিয়নের চং ভাদেরা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী হিরামনি (২৫)সোমবার সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হওয়ার পর বিকালে তার একটি মৃত সন্তান জন্ম নেয়।
ভর্তির পর ডা. হোসনা বেগম রোগীর অবস্থা ভাল উল্লেখ করে স্বাভাবিক সন্তান প্রসব হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
হিরামনির শাশুড়ি মনোয়ারা খাতুন বলেন, বিকালের দিকে রোগীর অবস্থার অবনতি হলে তারা ক্লিনিকে কর্তব্যরত পরিবার কল্যান পরিদর্শিকা শামছুন্নাহার হ্যাপিকে চিকিত্সক ডাকাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
বারবার তাকে অনুরোধ করলেও তিনি চিকিত্সকের সঙ্গে যোগাযোগ না করে উল্টো তাদের সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি।
হিরামনির শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে ভিজিটর ক্লিনিকের আয়া সেলিনা আক্তার শোভার সহায়তায় রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে নিজেই অপারেশনের চেষ্টা চালান এবং মৃত বাচ্চা বের করেন মনোয়ারা খাতুন।
নবজাতকের মৃত্যুর জন্য হিরামনির পরিবার ওই পরিদর্শককে দায়ী করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অভিযোগ করেছে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রাসেল মিয়া-হিরামনির দম্পতির এটি প্রথম সন্তান ছিল।
