সীমান্ত চুক্তি কার্যকরে এগিয়েছে ভারত
বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি অনুমোদনে সংবিধান সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার।
বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয় বলে সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন।
এর ফলে স্থলসীমান্ত চুক্তি ছাড়াও ২০১১ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল ভারতের পার্লামেন্টে উত্থাপনের পর্যায়ে গেল।
আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া লোকসভার বাজেট অধিবেশনে বিলটি উত্থাপন করা হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
বিলটি পাসের জন্য পার্লামেন্টের উভয় কক্ষে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের প্রয়োজনীয় আসন নেই।
গত কয়েক সপ্তাহ ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালাম খুরশিদ ওই বিলটি পাসের জন্য সংসদে প্রতিনিধিত্বকারী দেশটির কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন।
এই চুক্তি কার্যকর হলে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহল বিনিমিয় করা সম্ভব হবে।
পার্লামেন্টের উভয় কক্ষে (রাজ্যসভা ও লোকসভায়) ওই বিলটি পাস করতে ইউপিএ সরকারের কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন।
সংসদের বিরোধী দল বিজেপি বরাবরই ওই বিলের বিরোধিতা করে আসছে। চুক্তিবিরোধী ভারতের আঞ্চলিক দল অসম গণপরিষদের সঙ্গে জোটবদ্ধ থাকাই বিজেপির বিরোধিতার অন্যতম কারণ।
