সাতক্ষীরায় মামলা: আসামি জামায়াতের ৫ হাজার
পুলিশের ওপর হামলার অভিযোগে সাতক্ষীরার চারটি থানায় জামায়াত ও শিবির নেতাকর্মীর বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করেছে পুলিশ।
এসব মামলায় জামায়াত-শিবিরের পাঁচ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরমধ্যে পাঁচ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরা সদর, কালিগঞ্জ, দেবহাটা, কলারোয়া ও পাটকেলঘাটা থানায় মঙ্গলবার রাত ও বুধবার সকালে মামলাগুলো দায়ের করা হয়।
সদর থানায় ৩টি এবং অপর থানাগুলোতে একটি করে মামলা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকালে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাটকেলঘাটা থানার ওসি আক্তারুজ্জামানসহ ছয় পুলিশ সদস্য আহত হন।
এছাড়া সাতক্ষীরা সদর, দেবহাটা, কালিগঞ্জ ও কলারোয়ায় জামায়াত-শিবির নেতাকর্মীরা সভা সমাবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেড় শতাধিক রাউন্ড রাবার বুলেট, কাঁদানে ঘ্যাস শেল ও গুলি ছোঁড়ে।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় ৩০০ জন, পাটকেলঘাটা থানায় ১০০ জন এবং সাতক্ষীরা সদর থানায় সাড়ে চার হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।
এসব মামলায় পুলিশ ১৪৪ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
আটকদের বিরুদ্ধে কর্মরত পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, সরকারি কাজে বাধাদান, নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
