চট্টগ্রামে শিবিরের সড়ক অবরোধের চেষ্টা
চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় শিবিরকর্মীদের সড়ক অবরোধের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টার মধ্যে নগরীর অলংকার, বহদ্দারহাট ও শাহ আমানত সেতু এলাকায় রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করে শিবিরকর্মীরা।
এছাড়া সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দুটি গাড়ি ভাংচুর করে তারা।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী জোন) মির্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ১১টার দিকে একদল শিবিরকর্মী নগরীর চাক্তাই চামড়ার গুদাম এলাকায় সড়ক অবরাধের চেষ্টা করে। পুলিশের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
নগরীর পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুর রউফ জানান, ১২টার দিকে বহদ্দারহাট এলাকায় সড়কে নেমে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে একদল শিবিরকর্মী।
প্রায় একই সময় পাহাড়তলী থানার অলংকার মোড়েও অবরোধ সৃষ্টির চেষ্টা করে তারা।
সেখানে পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে শিবিরকর্মীরা। এ সময় তারা দুটি গাড়ির কাঁচ ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সোয়া ১২টার দিকে একদল শিবিরকর্মী সড়কে এসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ গেলে তারা পালিয়ে যায়।
