ঝটিকা মিছিল, বাসে আগুন
টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিল, পল্টন ও ফকিরাপুল এলাকায় ঝটিকা মিছিল ও ভাংচুর চালিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
সংঘর্ষে আহত পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বাস পুড়িয়ে দিয়েছে জামায়াত কর্মীরা।
দফায় দফায় ঝটিকা মিছিল ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর ফাঁকা গুলি ছুড়ে জামায়াত কর্মীদের হঠিয়ে দেয় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ বলছে, দক্ষিণের বিভিন্ন জেলা থেকে বাসে ও লঞ্চে করে এসে জামায়াত-শিবির কর্মীরা ‘নাশকতার’ চেষ্টা করছে রাজধানীতে। সকাল থেকে শতাধিক জামায়াত-শিবিরের কর্মীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে মতিঝিল এলাকায় শতাধিক জামায়াত-শিবির কর্ম লাঠি নিয়ে ঝটিকা মিছিল বের করে। তারা শাপলা চত্বরে পৌঁছানোর পর পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর দ্বিতীয় দফা মিছিল শুরু হয় সাড়ে ৮টার দিকে। এবার পুলিশ শাপলা চত্বর এলাকায় ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর সাড়ে ৯টার দিকে দিলকুশা, স্টেডিয়াম, পল্টন, কাকরাইলসহ মতিঝিল ও আশেপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অলিগলি থেকে এক সঙ্গে ঝটিকা মিছিল শুরু করে জামায়াত কর্মীরা। এ সময় তারা বেশি কিছু গাড়ি ভাংচুর করে এবং পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে।
এবারো পুলিশ ধাওয়া দিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল ১০টার দিকে দৈনিক বাংলা মোড় এলকায় একটি বাসে আগুন দেয়া হয় বলে ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান। অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে আহত হওয়ার পর পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান। তবে মেহেদী ঠিক কীভাবে আহত হয়েছেন- তা জানাতে পারেননি তিনি।
মহানগর পুলিশের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে বেশ কয়েকবার ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।
জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে পল্টন, বায়তুল মোকাররম, ফকিরাপুল ও মতিঝিল এলাকায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। মিছিলের চেষ্টার খবর পেয়ে পুলিশ ফাঁক গুলি ছুড়েছে শ্যামলী মোড়েও।
দুপুর ১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী মিজানুর রহমান জানান, জামায়াত-শিবিরকর্মীরা ঢাকা-চট্টগ্রাম সড়কে এসে গাড়ি ভাংচুর শুরু করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারাও পাল্টা ইট ছুড়তে শুরু করে।
আধা-ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে ওসি জানান। ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে আটকের কথাও জানান তিনি।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
বুধবার দৈনিক বাংলা মোড়ের ঝটিকা মিছিল থেকে গাড়িতে আগুন দেয়ার পর পুলিশ জামায়াত-শিবিরের কয়েকজনকে আটক করে।
এদিকে কোতয়ালি থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের কাছে তথ্য আছে, নাশকতা সৃষ্টির জন্য দেশের দক্ষিণাঞ্চল থেকে জামায়াত-শিবির কর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে।”
বাসে করেও বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে দলটির কর্মীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
কোতয়ালির ওসি জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ৩৪ জনকে আটক করে পুলিশ।
সকাল ১০টার দিকে স্টেডিয়াম এলাকায় জুবায়ের নামের এক যুবককে শিবির কর্মী সন্দেহে আটক করে জনতা। তার সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি চালিয়ে শিবিরের চাঁদার রশিদ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে দলটির কর্মীরা।
সর্বশেষ মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার এলাকায় তারা ব্যাপক তাণ্ডব চালায়। মতিঝিলেও তারা হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়।
জামায়াতের মিছিল থেকে ছোড়া গুলিতে ও ঢিলের আঘাতে আহত হন তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন। ভাংচুর করা হয় অর্ধশতাধিক গাড়ি।
এসব ঘটনায় মঙ্গলবার জামায়াত-শিবিরের ৭২ কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কারওয়ান বাজার-মতিঝিল তাণ্ডবে ৫ মামলা
কারওয়ান বাজার ও মতিঝিলে মঙ্গলবারের তাণ্ডবে জামায়াত-শিবিরের বিরুদ্ধে মঙ্গলবার রাতে পাঁচটি মামলা হয়েছে।
এর মধ্যে মতিঝিল থানার দুটি মামলায় জামায়াত সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ, শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনসহ মোট ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০০-৫০০ জনক আসামি করা হয়েছে।
এছাড়া ওই ঘটনার পরে এই থানায় আটক ১৯ জনকে উভয় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে দৈনিক নয়া দিগন্তের একজন কর্মচারী এবং মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়কও রয়েছেন।
কারওয়ান বাজারে ঘটনায় তেজগাঁও থানায় তিনটি মামলা হয়েছে, যার একটি দ্রুত বিচার এবং একটি বিস্ফোরক আইনে।
তেজগাঁও থানার প্রত্যেকটি মামলায়ই মোট আসামি ৪০০-৪৫০ জন। কারওয়ান বাজারে আটক ২১ জনকে এই সব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
