শ্যামলীতে আগুন দেয়ার চেষ্টা, আটক ৫
রাজধানীর শ্যামলীতে রিকশাভ্যানে করে কাঠের গুঁড়ি এনে রাস্তায় ফেলে আগুন দেয়ার চেষ্টার সময় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
এ সময় পুলিশের শটগানের গুলিতে একজন আহত হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির জানান, বুধবার দুপুর ১টার দিকে একদল যুবক শ্যামলী শিশুমেলার সামনে ভ্যানে করে কাঠের গুঁড়ি ও বোতলে দাহ্য পদার্থ এনে রাস্তায় ফেলে আগুন দেয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়লে একজন আহত হয়। কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ পাঁচ জনকে আটক করে।
জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বুধবার টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিল, পল্টন ও ফকিরাপুল এলাকায় ঝটিকা মিছিল ও ভাংচুর চালায়।
দৈনিক বাংলা মোড়ে একটি বাস পুড়িয়ে দেয় জামায়াত কর্মীরা।
নাশকতার আশঙ্কায় শ্যামলী এলাকাতেও সকাল থেকে কয়েক দফা পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দায়িত্বরত একজন পুলিশ সদস্য জানান, শিবির কর্মীরা মিছিল করতে পারে এমন খবর থাকায় তারা যাতে নাশকতার সাহস না দেখায় সেজন্যই ফাঁকা গুলি।
এদিকে দুপুর সোয়া ১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করে একদল শিবিরকর্মী। এ সময় তারা বিআরটিসির দুটি বাস ভাংচুর করে।
পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায় বলে যাত্রাবাড়ী থানার ওসি মিজানুর রহমান জানান।
এ সময় তিন শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানান তিনি।
