২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় লঞ্চডুবি: ভেসে উঠল ৪টি লাশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১৮ জনের লাশ পাওয়া গেল।

চাঁদপুর প্রতিনিধি

মুন্সীগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 05:14 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার ভোরে গজারিয়ার ইসমানিরচরে দুঘটনাস্থলের কাছে চাঁদপুরের মতলব উত্তরের মুক্তিরকান্দি গ্রামের বাসিন্দা রং ব্যবসায়ী আবুল হাশেম, বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের জিলানী প্রধানের স্ত্রী নাজমা বেগম, সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে শাহনাজ আক্তার ও বদরপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী শিল্পী আক্তারের লাশ ভেসে উঠে।

কোস্টগার্ডের পেটি অফিসার শামসুর রহমান জানান, নিখোঁজদের মধ্যে চার জনের লাশ ভেসে উঠে। এখনও আবুল হাসেমের স্ত্রী শেফালী বেগম নিখোঁজ রয়েছেন। তাই তার লাশ মেঘনায় খোঁজা হচ্ছে।

আবুল হাশেমের মেয়ে পলি আক্তার জানায়, বুধবার ভোরে গজারিয়ায় লঞ্চডুবিতে নিখোঁজদের মধ্যে তার বাবা হাশেম ও মা শেফালী বেগম ছিলেন। তার বাবার লাশ পেয়ে স্থানীয় লোকজন তার মানিব্যাগে থাকা মোবাইল সিমের মাধ্যমে তাদেরকে এ খবর জানায়।

গজারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, লাশগুলো শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্বজনরা লাশগুলো সনাক্তের সময় কান্নায় ভেঙ্গে পড়েন। এই সময় মেঘনা তীরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শনিবার লঞ্চটি তোলার পর এর ভেতরে ১২ যাত্রীর লাশ পাওয়া যায়। এর আগে শুক্রবার পাওয়া যায় দুটি লাশ।

শুক্রবার অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইসমানির চরের কাছে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় ডুবে যায় এম এল সারস নামের লঞ্চটি।

এটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব উপজেলার মাছুয়াখাল যাচ্ছিল।

দুঘটনার পরপরই জনতা বালুবাহী ট্রলারটি আটক করে। এ ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ট্রলারের মাস্টার, সারেং ও সুখানিকে আসামি করে পুলিশ বাদি হয়ে মামলা করে।

সোনারগাঁও থানায় ওসি আতিকুর রহমান জানান, এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।